পেরু-ডেনমার্কের বিশ্বকাপে ফেরা

পেরু বিশ্বকাপে ফিরেছে ৩৬ বছর পরএক দল ফিরেছে ৮ বছর পর, আরেক দলের অপেক্ষা ৩৬ বছর। রাশিয়া বিশ্বকাপ তাই ডেনমার্ক ও পেরুর জন্য প্রত্যাবর্তনের উপলক্ষ। ২০১৮ সালের আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে পেরু-ডেনমার্ক।

বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায় মুখোমুখি হচ্ছে দল দুটি। মরদোভিয়া অ্যারেনার ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা, টেন টু ও টেন থ্রি চ্যানেলে।

সেই ১৯৮২ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিল পেরু। মাঝে অনেকবার আশা জাগিয়েও মূল পর্বে আর খেলা হয়নি লাতিন আমেরিকার দেশটির। এবার লাতিন আমেরিকার বাছাইয়ের পর ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলে নিশ্চিত করে ২০১৮ বিশ্বকাপের টিকিট। বিশ্বকাপের জায়গা পাওয়াটাই তাদের কাছে অনেক বড় পাওয়া। এবার স্বপ্নটা বড় করতে ডেনমার্কের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে পেরু।

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলেছিল ডেনমার্ক। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ডেনিশরা সুযোগ পায়নি পরের ব্রাজিলের আসরে। এক বিশ্বকাপ দর্শক হয়ে থাকা ইউরোপের দেশটি এবার ফিরেছে ফুটবলের সবচেয়ে বড় আসরে।

মরদোভিয়া অ্যারেনায় ‘সি’ গ্রুপের এই ম্যাচে আত্মবিশ্বাসের জায়গা থেকে পেরু একটু হলেও এগিয়ে থেকে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে। লাতিন আমেরিকার দেশটি টানা ১৫ ম্যাচ অজেয়। ২০১৬ সালের নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে সবশেষ হেরেছে ২-০ গোলে। ডেনমার্কও অবশ্য আত্মবিশ্বাসী হয়ে নামতে যাচ্ছে রাশিয়ার আসরে। মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের দাপুটে জয়ের সুখস্মৃতি সঙ্গী তাদের। ফিফা ডটকম