জার্মানির শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন

অনুশীলনে জার্মানির খেলোয়াড়রাবিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে রাশিয়া বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে জার্মানি। শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনের শুরুতেই তারা পড়তে যাচ্ছে কঠিন পরীক্ষার মুখে। নিজেদের উদ্বোধনী ম্যাচে জার্মানদের পেরোতে হবে মেক্সিকোর বাধা।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে জার্মানি মুখোমুখি হচ্ছে মেক্সিকোর। বাংলাদেশ সময় আজ (রবিবার) রাত ৯টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা, টেন টু ও টেন থ্রি চ্যানেলে।

২০১৪ সালে ব্রাজিলে উড়েছিল জার্মানির পতাকা। মারাকানার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থ শিরোপা জেতে ইউরোপের দেশটি। এবার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন তাদের। কঠিন এই মিশনে নামতে যাচ্ছে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে ছাড়া। গত বিশ্বকাপ জেতার পথে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদের অনেকেই অবসরে গেছেন। তাছাড়া আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে যার গোলে বিশ্ব জয়ের উল্লাসে মেতেছিল জার্মানি, সেই মারিও গোৎসে ‍সুযোগই পাননি ২৩ জনের চূড়ান্ত দলে!

দলে অনেক বদল এলেও পারফরম্যান্সের গ্রাফ আছে আগের জায়গাতেই। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে দাপট দেখিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে রাশিয়ার আসর। ১০ ম্যাচের সবক’টিতে জিতে সরাসরি জায়গা পায় বিশ্বকাপে। বাছাই পর্বে প্রতিপক্ষদের রীতিমত গোল বন্যায় ভাসিয়েছে জার্মানি। প্রতিপক্ষের জালে ৪৩বার বল জড়িয়ে নিজেরা হজম করেছে মাত্র ৪ গোল। এর সঙ্গে এই রাশিয়াতেই গত বছর জিতেছে কনফেডারেশনস কাপের শিরোপা।

বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’-এর টুর্নামেন্টে অবশ্য তরুণ এক দল নিয়ে গিয়েছিলেন কোচ ইওয়াখিম ল্যোভ। বিশ্বকাপে নামতে যাচ্ছেন তিনি অভিজ্ঞ ও তারুণ্যের মিশ্রণে গড়া দল নিয়ে। যে দলে রয়েছেন থোমাস ম্যুলার, মেসুত ওজিল, টোনি ক্রোস, মানুয়েল নয়ারের মতো বিশ্বমানের খেলোয়াড়।

এরপরও নিজেদের উদ্বোধনী ম্যাচে কঠিন পরীক্ষা সামনে জার্মানরা। প্রতিপক্ষ মেক্সিকোও বাছাই পর্বে দুর্দান্ত সময় কাটিয়ে নামতে যাচ্ছে বিশ্বকাপে। গত বিশ্বকাপে শেষ ষোলোতে বিদায় নিলেও পারফরম্যান্স দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছিল কনকাকাফ অঞ্চলের দেশটি। ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র ২০১৪ বিশ্বকাপে তাদের অন্যতম সেরা সাফল্য।

মেক্সিকোর অনুশীলনে হাভিয়ের এর্নান্দেস (বামে)কনকাকাফ অঞ্চলের বাছাইয়ে খেলা ১৬ ম্যাচে মাত্র একটিতে হারের মুখ দেখেছে মেক্সিকো। সেই হারটাও এসেছে আবার তাদের বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যাওয়ার পর। দলে আছে হাভিয়ের এর্নান্দেসের মতো খেলোয়াড়। গত মৌসুমটা খুব একটা ভালো না কাটলেও এখনও তিনি মেক্সিকানদের আশার আলো।

বিশ্বকাপের শুরুটা বড় দলগুলোর ভালো হয়নি খুব একটা। স্পেন-পতুর্গাল ড্র করেছে, ফ্রান্স জিতেছে ঘাম ঝরিয়ে, আর্জেন্টিনাও ১-১ গোলে ড্র করেছে আইসল্যান্ডের সামনে। জার্মানির জন্যও প্রথম ম্যাচটিতে কঠিন পরীক্ষা নিয়ে দাঁড়িয়ে আছে মেক্সিকো। ফিফা ডটকম