রোস্তভ অ্যারেনায় এদিন ব্রাজিল এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করে। এই গোল নিয়েও প্রশ্ন আছে নেইমারের। তার মতে, ডিবক্সে মিরান্দাকে ফাউল করে লক্ষ্যভেদ করেছেন স্টিভেন জুবের।
সুইসদের সমতা ফেরানো গোলটি নিয়ে সন্দিহান তিতের কথায় সায় দিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার, ‘আমি মনে করি এটা ফাউল ছিল। রিপ্লের মুহূর্তটা যখন দেখবেন, সবাই গোল উদযাপন করছে। আমি সেটা আবারও দেখেছি। কিন্তু এটা নিয়ে আমার কথা বলা ঠিক নয়। এ নিয়ে কাজ করার জন্য চারজন পেশাদার রেফারি থাকেন। তাদের দায়িত্বটা পালন করতে হবে।’
এই ড্র ব্রাজিলের প্রাপ্য নয় বললেন নেইমার, ‘এই ড্র আমাদের প্রাপ্য নয়। কিন্তু আমরা আরও উন্নতি করতে পারি, আরও ভালো খেলার সামর্থ্য আছে। কিন্তু এই ম্যাচ প্রমাণ করল কাজটা সহজ হবে না।’ আগামী ২২ জুন কোস্টারিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া তিনি, ‘সেন্ট পিটার্সবার্গে পরের ম্যাচে পুরো দল নিয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’
ফেব্রুয়ারিতে গোড়ালির চোট নিয়ে ছিটকে পড়ার পর প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নেমেছিলেন নেইমার। প্রথম ম্যাচেই এতবার ফাউলের শিকার হওয়ার পরও দৃঢ় প্রত্যয়ী পিএসজি ফরোয়ার্ড, ‘আমাকে আঘাত করা হয়েছে এবং ফেলে দিয়েছে। কিন্তু দুশ্চিন্তার কিছু নেই।’
নেইমারকে ফাউল করায় হলুদ কার্ড দেখেছেন কেবল স্টেফান লিচস্টাইনার, ভ্যালন বেহরামি ও ফ্যাবিয়ান শিয়ার। এ নিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমাকে যেটা করতে হবে সেটা হলো খেলতে হবে। বাকি সব দেখবে রেফারি। আমি মনে করি এটা স্বাভাবিক ব্যাপার (নিয়মিত ফাউল হওয়া)।’ গোল ডটকম