বেলজিয়ামের চোখ নকআউট পর্বে

বেলজিয়ামের অনুশীলনে এডেন হ্যাজার্ড (ডানে)বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বেলজিয়াম। পানামাকে ৩-০ গোলে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী নিয়ে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা তিউনিসিয়ার। মস্কোর স্পার্তাক স্টেডিয়ামের এই ম্যাচে নকআউট পর্বে চোখ রেখে নামছে ‘রেড ডেভিলস’।

বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি, টেন টু ও টেন থ্রি চ্যানেলে।

‘জি’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বেলজিয়াম। ইংল্যান্ডের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রয়েছে দ্বিতীয় স্থানে। আর তিউনিসিয়া ও পানামার পয়েন্টের ঘর ফাঁকা। তিউনিয়ার বিপক্ষে জিতলেই ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে বেলজিয়ামের। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই কাজটা সেরে ফেলতে চাইছে তারা।

পানামার বিপক্ষে দলীয় পারফরম্যান্সে বেলজিয়াম পেয়েছে দুর্দান্ত জয়। ৩-০ গোলের জয়ের পথে লোমেলু লুকাকু করেছেন জোড়া লক্ষ্যভেদ। তিউনিসিয়া ম্যাচেও ‘রেড ডেভিলরা’ তাকিয়ে থাকবে তার দিকে। আগের ম্যাচের একাদশই হয়তো নামাবেন কোচ রবের্তো মার্তিনেস। রক্ষণাত্মক মানসিকতার তিউনিসিয়ার বাধার দেয়াল ভাঙতে আরও আক্রমণাত্মক দেখা যাবে বেলজিয়ামকে।

তিউনিসিয়ার আবার টিকে থাকার লড়াই। আজ হারলেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে তাদের। প্রথম ম্যাচে অবশ্য ইংল্যান্ডকে আটকে দিয়েছিল প্রায়। কিন্তু ইনজুরি টাইমে হ্যারি কেইনের গোলে স্বপ্নভঙ্গ হয় আফ্রিকার দেশটির। বেলজিয়ামকেও কঠিন পরীক্ষার মুখে ফেরার পরিকল্পনা তাদের। এই পরিকল্পনায় কোচ নাবিল মালুল পাচ্ছেন না গোলরক্ষক মোয়েজ হাসেনকে। ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া এই গোলরক্ষকের বদলে দেখা যাবে ফারুক বিন মুস্তাফাকে।

বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো দেখা হচ্ছে বেলজিয়াম-তিউনিসিয়ার। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপের সেবারের লড়াই ড্র হয়েছিল ১-১ গোলে। ফুটবল মহাযজ্ঞের ওই ম্যাচটি ছাড়া আরও ‍দুইবার মুখোমুখি হয়েছে তারা, যেখানে তিউনিসিয়ার এক জয়ের বিপরীতে বেলজিয়ামের জয় একটিতে। গোল ডটকম