দক্ষিণ কোরিয়া টানা দুই ম্যাচ হেরে মুখোমুখি হয়েছিল জার্মানির। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেতে পারতো ল্যোভের দলের। জয় তো দূরে থাক, হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার লজ্জায় ডুবেছে তারা। এশিয়ার দেশটির বিপক্ষে ২-০ গোলের হারটা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেও মানতে পারছিলেন না বিশ্বকাপ জয়ী কোচ।
দলের পারফরম্যান্সে তিনি এতটাই হতাশ যে, বলেই ফেললেন, ‘আমরা মোটেও আরেকটি বিশ্বকাপ জয় আশা করতে পারি না, আমরা মোটেও শেষ ষোলোতে যাওয়ার দাবি করতে পারি না।’ ল্যোভের সহজ স্বীকারোক্তি, ‘সাধারণত আমরা যেভাবে খেলি, এই ম্যাচে দলের ভেতর সেটার অভাব ছিল। এমনকি গোল করার সুযোগও তেমন ছিল না, তাই আমাদের বাদ পড়াটাই সঠিক।’
সেই ২০০৬ সাল থেকে জার্মানির কোচের চেয়ারে বসে আছেন ল্যোভ। জার্মানদের বিশ্বকাপও জিতিয়েছেন ব্রাজিলের আসরে। তবে এবারের এত বড় ধাক্কার পর কি আর কোচের পদটা ধরে রাখবেন তিনি? সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠতেই ৫৮ বছর বয়সী কোচের উত্তর, ‘আমি ছেড়ে যাব কিনা? এই প্রশ্নের উত্তর দেওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার হতাশা এখনও টাটকা।’ সঙ্গে যোগ করলেন, ‘এমন পরিস্থিতি যে হবে, আমি ভাবতেই পারি না। আশাবাদী ছিলাম, (চাকরি ছাড়ার ব্যাপারে) আমার আরও কিছু সময় দরকার ভাবার জন্য।’ গোল ডটকম