নকআউটে ওঠার দৌড়ে এগিয়ে থেকে আজ রাত ৮টায় ভোলগোগ্রাদে পোল্যান্ডকে মোকাবিলা করবে জাপান। আর বিশ্বকাপে টিকে থাকার সমান সম্ভাবনা নিয়ে সামারা অ্যারেনায় লড়বে সেনেগাল ও কলম্বিয়া। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল নাগরিক, মাছরাঙা এবং সনি টেন ২, টেন ৩ ও ইএসপিএনে।
তেমন আশাবাদী হয়ে রাশিয়ায় পা রেখেছিল না জাপান। কিন্তু কিছুটা ভাগ্যের ছোঁয়ায় আগ্রাসী এই দলটি এখন তৃতীয়বার গ্রুপ পর্বের বাধা পেরোনোর সামনে তারা। প্রথম ম্যাচে ১০ জনের কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের দারুণ জয়ের পর সেনেগালের কাছে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলের ড্রয়ে গ্রুপের শীর্ষে এশিয়ান পরাশক্তি।
জাপান অধিনায়ক মাকোতো হাসেবে বলেছেন, ‘জাপান এমন দল নয় যারা এক পয়েন্টের জন্য মাঠে নামবে এবং পরিকল্পনা সফল করবে। কোনও হিসাব-নিকাশের মধ্যে না গিয়ে তিন পয়েন্ট পেতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। দুই ম্যাচে আমরা পেয়েছি ৪ পয়েন্ট, কিন্তু এখনও কিছু অর্জন করতে পারিনি।’ কারণ তিন পয়েন্ট পেলে গ্রুপসেরা হবে তারা।
সামারায় আরেক ম্যাচেও অন্তত ড্রর জন্য নামবে সেনেগাল। তাহলেই নিশ্চিত হবে তাদের নকআউট। কাজটা সহজ হবে না। কারণ জাপানের কাছে ২-১ গোলে হারা কলম্বিয়া পোল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর দৌড়ে ফিরেছে। যদিও কলম্বিয়ানদের সমীকরণটা কঠিন। তাদের জিততেই হবে। আর জাপান হারলে সেনেগালের সঙ্গে ড্র করেও গোলব্যবধানের হিসেবে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে কলম্বিয়ার সামনে।
তবে কলম্বিয়া জিতলে পোল্যান্ডের কাছে হেরেও পরের পর্বে যেতে পারবে জাপান। তখন সেনেগালের চেয়ে কম গোলের ব্যবধানে হারতে হবে এশিয়ান দলকে।
দল ম্যাচ গোলব্যবধান পয়েন্ট
জাপান ২ ১ ৪
সেনেগাল ২ ১ ৪
কলম্বিয়া ২ ২ ৩
পোল্যান্ড ২ -৪ ০