শুধু রোনালদোকে নিয়ে ভাবছে না উরুগুয়ে

ক্রিস্তিয়ানো রোনালদোমিশর, সৌদি আরব ও রাশিয়াকে হারিয়ে গ্রুপসেরা উরুগুয়ে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইউরোপের চ্যাম্পিয়ন পর্তুগাল। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আসল পরীক্ষা হয়ে যাবে শনিবারের ম্যাচে। এই লড়াইয়ে ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে সতর্ক থাকলেও কেবল তাকে ঘিরে পরিকল্পনা সাজানো হচ্ছে না বললেন উরুগুয়ের ডিফেন্ডার সেবাস্তিয়ান কোটস।

পর্তুগাল অধিনায়ককে নিয়ে দুশ্চিন্তা করার যুক্তি আছে। প্রথম দুই ম্যাচে ৪ গোল করেছেন তিনি। ইরানের বিপক্ষে গ্রুপের শেষ লড়াইয়ে পেনাল্টি মিস না হলে টানা তৃতীয় ম্যাচে গোল হতো রোনালদোর।

উরুগুয়ে মানছে, এই বিশ্বকাপে পর্তুগালের ৫ গোলের চারটি করে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডই তাদের সবচেয়ে বড় হুমকি। কিন্তু কেবল রোনালদোর দিকে নজর দিলে বিপদ হতে পারে সতর্ক করলেন কোটস, ‘একই সমীহ নিয়ে আমরা তাকে প্রতিহত করব, ঠিক যেমন অন্যদের বেলায় করি। সে বিশ্ব তারকা। কিন্তু আপনি কেবল একজন খেলোয়াড়কে মাথায় রেখে ম্যাচের প্রস্তুতি নিতে পারেন না, পুরো একটি দল নিয়ে ভাবতে হবে।’

সেটপিস থেকে রোনালদো এবার বেশ সফল। সেই সুযোগ পর্তুগাল অধিনায়ককে না দিতে দলকে সতর্ক থাকতে বললেন মিডফিল্ডার মাতিয়াস ভেসিনো, ‘যখন অন্য দলে একজন (ফ্রিকিক) বিশেষজ্ঞ আছে, তখন বক্সের কাছাকাছি ফাউল না করতে চেষ্টা থাকতে হবে। মাঝে মধ্যে এটা অনিবার্য; যখন একজন মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার গোলে শট নিতে যায়, তখন আপনাকে সেটা করতেই হবে।’ গোল ডটকম