ফ্রান্সের কাছে ৪-৩ গোলের হারে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ। একই সঙ্গে জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিলেন অভিজ্ঞ মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।
শনিবার ম্যাচ শেষে বার্সেলোনা ও লিভারপুলের সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘এই গল্পের শেষ হয়ে গেছে। আমরা শেষ পর্যন্ত আমাদের সর্বোচ্চটা দিয়ে গেছি। এটা ছিল উত্তেজনায় ভরা ম্যাচ, যেখানে আমরা ভালো শুরু করিনি। কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। তবে তাদের সমতা ফেরানো গোল আমাদের অনেক বেশি ক্ষতি করেছে।’
তারপরই চিরতরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মাসচেরানো, ‘আবারও আমাদের ভুগতে হলো। এখন থেকে আমি আর্জেন্টিনা জাতীয় দলের একজন দর্শক শুধু। এখন সময় হয়েছে বিদায় বলার এবং তরুণদের দলে সুযোগ করে দেওয়ার।’
মাসচেরানো আগেই জানান, এটাই হবে আর্জেন্টিনার সঙ্গে শেষ বিশ্বকাপ। ফ্রান্সের বিপক্ষে তার ম্যাচটি ছিল রেকর্ড ১৪৭তম।
২০০৩ সালে আর্জেন্টিনায় অভিষেক হওয়া মাসচেরানো চারটি বিশ্বকাপ খেলেছেন। এই সময়ে বড় কোনও টুর্নামেন্টের শিরোপায় হাত রাখা হয়নি তার। ২০১৪ সালের বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনাল খেলেছেন তিনি।
মাসচেরানোর সঙ্গে এদিন অবসরের ঘোষণা দিয়েছেন আরেক মিডফিল্ডার লুকাস বিগলিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি এখন একপাশে সরে যেতে চাই। আমি বুঝতে পারছি আর এখানে আমার কোনও জায়গা নেই।’ ২০১১ সালে পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের পর ৫৭ ম্যাচ খেলে মাত্র একটি গোল করেছেন তিনি।