আর্জেন্টিনাকে হারিয়ে আরও আত্মবিশ্বাসী ফ্রান্স


f7sj7xq0jtqqc6ijoern

আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো জয়ে নিজেদের শক্তিমত্তা নিয়ে আরও আত্মবিশ্বাসী ফ্রান্স। শেষ ষোলোর ম্যাচ জয়ে খেলোয়াড়দের লড়াকু মনোভাবে দারুণ খুশি দলটির কোচ দিদিয়ের দেশম।

গতবারের ফাইনালিস্টদের বিদায় করার পর ফ্রান্সের কোচ বলেছেন, ‘অনেক অভিজ্ঞ আর্জেন্টিনা দলের বিপক্ষে দারুণ খেললাম আমরা। আমাদের দল কেমন সেটা আমরা দেখালাম। ২-১ গোলে পিছিয়ে পড়ার পর কাজটা সহজ ছিল না। কিন্তু আমরা লড়াই করে গেছি। এই দলের মানসিকতা অসাধারণ।’

ফ্রান্স আর কাউকে ভয় পায় না বিশ্বাস দেশমের, ‘আমি ভীত নই। আমরা আর কিছু ভয় পাই না। যখন দ্বিতীয় গোল (আর্জেন্টিনার) হলো, তখন সেটা ছিল ধাক্কা। সামনে অভিজ্ঞ একটি দল থাকলেও আমি জানতাম সময় যখন আছে, তখন সেটা মোকাবিলা করতে প্রস্তুত ফরাসি দল। বলের দখলে আমরা পিছিয়ে থাকলেও কয়েকটি কাউন্টার অ্যাটাকে আমরা আরও গোল পেতাম মনে করি।’

এই ম্যাচ জিতে আবেগী ফ্রান্সের কোচ, ‘এটা ছিল আবেগের। আমি এই খেলোয়াড়দের নিয়ে খুব খুশি, জিততে পেরে খুব ভালো লাগছে।’ খেলোয়াড়দের উজ্জীবিত পারফরম্যান্স দেখে মুগ্ধ দেশম, ‘এমন ম্যাচের জন্য তারা মাসের পর মাস খেটে প্রস্তুতি নিয়েছে। তাদের জবাব দেওয়ার প্রয়োজন ছিল এবং শক্তিশালী জবাব দিয়েছে। সত্যি হলো এই ম্যাচটা কঠিন ছিল। আমরাও ভুল করেছি কয়েকটি। কিন্তু আর্জেন্টাইনরা একই সঙ্গে বেশি ভুগেছে।’