নিজেদের বক্সের ভেতর স্প্যানিশ ডিফেন্ডার জেরার্দ পিকের হাতে বল লাগলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে পাওয়া সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি রাশিয়ান ফরোয়ার্ড আরতিম জিউবা। ৪১ মিনিটে স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে গেয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে রাশিয়াকে সমতায় ফেরান তিনি।
এর আগে সের্হিয়ো রামোসকে ঠেকাতে গিয়ে স্পেনকে গোল ‘উপহার’ দেন রাশিয়ার সার্জেই ইগনাশেভিচ। ১১ মিনিটে রুশদের আত্মঘাতী গোলে শেষ ষোলোর ম্যাচে এগিয়ে যায় স্পেন। ইস্কোর ফ্রি কিক রামোসকে পায়ে নিতে দেননি ইগনাশেভিচ। স্প্যানিশ ডিফেন্ডারকে টেনে মাটিতে ফেলে দিয়েছিলেন, কিন্তু বল রুশ ডিফেন্ডারের পায়ে লেগে তাদের জালে জড়ায়। একটি লজ্জার রেকর্ড গড়েছেন ইগনাশেভিচ। সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হয়ে বিশ্বকাপে আত্মঘাতী গোল দিলেন ৩৮ বছর ৩৫২ দিনের এই ডিফেন্ডার।
গ্রুপে টানা দুই ম্যাচের দাপুটে জয়ের স্মৃতি নিয়ে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হয়েছে রাশিয়া। নকআউট পর্বের এই ম্যাচে স্পেনের একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার। বার্সেলোনার সাবেক খেলোয়াড়ের জায়গায় একাদশে এসেছেন রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিও। স্পেনের কোচ ফের্নান্দো হিয়েরো আরেকটি পরিবর্তন এনেছেন দলে। বায়ার্ন মিউনিখের থিয়াগো আলকান্তারার বদলে মাঝমাঠে জায়গা পেয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোকে।
রাশিয়ার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ডেনিস চেরিশেভের না থাকার খবর। প্রথম দুই ম্যাচে ৩ গোল করা এই উইঙ্গার ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি। মিশরের বিপক্ষে তার বদলি হওয়া দালের কুজিয়ায়েভ একাদশে। আরেকটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ইউরি গাজিনস্কির বদলে এসেছেন ফেদোর কুদ্রিয়াশোভ।