কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দাপুটে জয়ে। রাশিয়া বিশ্বকাপে কেন তাদের ফেভারিট বলা হচ্ছে, সেটাই যেন প্রমাণ করে চলেছে ব্রাজিল। সেলেসাও ডিফেন্ডার থিয়াগো সিলভার মতে, প্রত্যেক বিশ্বকাপে ফেভারিট থাকে ব্রাজিল, তবে মাঠে সেটার প্রমাণ দিতে চান তারা।
সামারায় শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। নেইমার ও রবের্তো ফিরমিনোর লক্ষ্যভেদে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আরেকবার মেলে ধরেছে নিজেদের। পারফরম্যান্সের এই ধারা কোয়ার্টার ফাইনালেও ধরে রাখতে চায় লাতিন আমেরিকার দেশটি, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে বেলজিয়াম। জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলের জয় নিয়ে শেষ আট নিশ্চিত করেছে ‘রেড ডেভিলস’।
বিশ্বকাপে ব্রাজিল দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় সিলভা। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার সমীহ করছেন বেলজিয়ামকে। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন ব্রাজিল দলের শক্তির কথা। প্যারিস সেন্ত জার্মেই অধিনায়ক বলেছেন, ‘বেলজিয়াম শারীরিক ও টেকনিক্যাল দিক থেকে খুব শক্তিশালী। ওরা শেষ ষোলোর দাবিদার।’ পরের কথাতেই মনে করিয়ে দিয়েছেন, ‘আমার মনে হয় প্রত্যেক প্রতিযোগিতাতেই ব্রাজিল ফেভারিট থাকে। যদিও এই বিষয়টি আমাদের জন্য যথেষ্ট নয়। শিরোপা জিততে হলে প্রত্যেক ম্যাচে আমাদের কঠোর পরিশ্রম ও নিজেদের সেরাটা দিতে হবে।’
শুক্রবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটিতে সেলেসাওদের জন্য কঠিন পরীক্ষার আভাস পাচ্ছেন সিলভা, ‘আমাদের কাজের ধারা সচল রাখতে হবে এবং বিশ্রামের সময়টা ভালোভাবে কাটাতে হবে। কারণ, শুক্রবার আরও কঠিন ম্যাচ অপেক্ষা করছে।’ গোল ডটকম