কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ ব্রাজিলের কাসেমিরো

এই হলুদ কার্ডেই কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ হয়েছেন কাসেমিরোআক্রমণাত্মক ফুটবলের কাঁটায় প্রতিপক্ষদের বিদ্ধ করছে বেলজিয়াম। শেষ ষোলো পর্যন্ত ইউরোপিয়ান দলটির ১২ গোল। তাদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ভীষণ দরকার ছিল কাসেমিরোকে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে রিয়াল মাদ্রিদ ডিফেন্সিভ মিডফিল্ডারকে পাচ্ছে না ব্রাজিল।

মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। কিন্তু ওই ম্যাচে হলুদ কার্ড দেখায় শেষ আটের লড়াইয়ে নিষিদ্ধ হয়েছেন কাসেমিরো। রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন কাসেমিরো। এরপর থেকেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিলেন তিনি। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ পেরিয়ে এলেও মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোতে এসে বাধাটা আর উতরাতে পারলেন না। সামারার ম্যাচের দ্বিতীয়ার্ধে মেক্সিকোর ইরভিং লোসানোকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন তিনি। যাতে রেফারি হলুদ কার্ড দেখলে পরের ম্যাচ নিষিদ্ধ হয়ে যান কাসেমিরো।

রাশিয়া বিশ্বকাপে রক্ষণটা দারুণ সামলাচ্ছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে তারা। যেখানে ডিফেন্ডারের সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাটা দারুণভাবে সামলাচ্ছেন কাসেমিরো। বেলজিয়ামের আক্রমণাত্মক ফুটবলের সামনে তাকে ভীষণ দরকার ছিল কোয়ার্টার ফাইনালে। কিন্তু কার্ডসংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে কোচ তিতেকে অন্য চিন্তা করতে হবে এখন।

নিষেধাজ্ঞার সঙ্গে চোট নিয়েও চিন্তিত ব্রাজিল। পিঠের চোট কাটিয়ে এখনও ফিট হয়ে উঠতে পারেননি মার্সেলো। রাইটব্যাক দানিলোকে ‘শতভাগ ফিট’ দাবি করলেও মেক্সিকোর বিপক্ষে ছিলেন বেঞ্চে। অন্যদিকে উইঙ্গার দগলাস কোস্তার ফেরার সময়টা এখনও নিশ্চিত করতে বলতে পারছে না সেলেসাওরা। মার্কা