প্রথম মিনিটে সুইডিশ ডিফেন্ডারের পা ফসকে বল পান জারদান শাকিরি। সুইজারল্যান্ড তারকার শক্তিশালী শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। জুবের বাঁ দিক থেকে ৭ মিনিটে বাঁকানো শট নেন লক্ষ্যে, বল সোজা ধরা পড়ে সুইডেন গোলরক্ষক ওলসেনের হাতে।
৮ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করে সুইডেন। অফসাইডের ফাঁদে ধরা দেননি বার্গ, একটু পেছনে থেকে শট নেন লক্ষ্যে। সামনে কেবল ছিলেন গোলরক্ষক। কিন্তু বল চলে যায় গোলবারের পাশ দিয়ে। পরের মিনিটে সুইস গোলরক্ষক সমারের ভুলে বিপজ্জনক জায়গায় বল পান বার্গ, তাকে ব্লক করেন আকানজি।
২৪ মিনিটে জুবেরের ক্রস থেকে শাকিরির শট লক্ষ্যভ্রষ্ট হয় ক্রসবারের উপর দিয়ে। চার মিনিট পর তোইভনেনের হাফ ভলি দারুণ দক্ষতায় রুখে দেন সমার। ৩৪ মিনিটে আবারও শাকিরি ক্রসবারের উপর দিয়ে বল মারেন।
ম্যাচের সবচেয়ে ভালো সুযোগ পায় সুইজারল্যান্ড ৩৮ মিনিটে। কর্নার থেকে জুবেরের কাট ব্যাকে জামাইলি বল পান। বক্সের মধ্যে থেকে লক্ষ্যে শট নিয়েও সফল হননি তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার ৩ মিনিট আগে এগিয়ে যেতে পারতো সুইডেন। লুস্তিগের ক্রস থেকে ব্যাক পোস্টে বল পান একডাল। গোলমুখের কয়েক গজ দূর থেকে তার ভলি বিস্ময়করভাবে গোলবারের উপর দিয়ে চলে যায়।
এভাবেই একের পর এক সুযোগ নষ্টের আক্ষেপ নিয়ে প্রথমার্ধ শেষ করেছে দুই দল।