হ্যারি কেইনের গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ওই গোলটাই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ইংলিশদের, কিন্তু ইনজুরি টাইমে মিনার হেডে সমতায় ফেরে কলম্বিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল একই থাকায় টাইব্রেকারে ইংল্যান্ড জয় পায় ৪-৩ গোলে।
পেনাল্টি শুটআউটের হারটা মানতে পারছেন না বার্সেলোনা ডিফেন্ডার। ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে হতাশাজনক হারের পর এবারও বিদায় নিতে হলো নাটকীয়ভাবে। মিনার কাছে, ইংলিশদের বিপক্ষে হারটি ‘কলম্বিয়ার জন্য বিশাল ধাক্কার’। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’কে কলম্বিয়ান ডিফেন্ডার বলেছেন, ‘এটা বিশাল ধাক্কা। হার মোটেও আমাদের প্রাপ্য নয়, আমরা ইংল্যান্ডের চেয়ে ভালো খেলেছি। কষ্টটা আরও বেশি হওয়ার কারণ হলো, আমরা পেনাল্টির আগে ম্যাচের ফল নিষ্পত্তি করতে পারিনি।’
বার্সেলোনার এই মিডফিল্ডারের হেডেই কলম্বিয়া ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পেরেছিল। রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার আগে তিনবার লক্ষ্যভেদ করা মিনার বিশ্বাস ছিল, অতিরিক্ত সময়ে তারা জিততে পারবেন। ম্যাচ শেষে বলেছেন, ‘পুরো দলের জন্য এটা ধাক্কার। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে আরও একটি গুরত্বপূর্ণ গোল করতে দেওয়ার জন্য। সত্যি আমি ভেবেছিলাম, অতিরিক্ত সময়ে আমরা জিতে যাব।’
ইংলিশদের বিপক্ষে হারের আগেই অবশ্য বড় ধাক্কা হজম করে কলম্বিয়া হামেস রোদ্রিগেস না থাকায়। চোটের কারণে দলের শেষ ষোলোর লড়াই দর্শক হয়ে দেখতে হয়েছে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারকে। তার অভাব থাকলেও গোটা ম্যাচে লড়াই চালিয়ে জয়ের সম্ভাবনা ভালোই তৈরি করেছিল লাতিন আমেরিকার দলটি। তবে পেনাল্টি ভাগ্য তাদের দিকে মুখ তুলে তাকায়নি। গোল ডটকম