আর্জেন্টিনার বিপক্ষে ৪-৩ গোলে শেষ ষোলোর ম্যাচ জয়ে দারুণ আত্মবিশ্বাসী ফ্রান্স। এমবাপে করেছেন জোড়া গোল, গ্রিয়েজমান করেন প্রথম গোল। দুজনে মিলে এই বিশ্বকাপে করেছেন ৫ গোল। উরুগুয়ের নিশ্ছিদ্র রক্ষণভাগে ভাঙন ধরাতে তারাই ভরসা। তবে চার ম্যাচে মাত্র এক গোল খাওয়া উরুগুয়ে প্রস্তুত তাদের আটকে দিতে।
এমবাপের জন্য রক্ষণভাগে ডিয়েগো গোদিন ও হোসে মারিয়া হিমেনেস ‘নতুন’ হলেও গ্রিয়েজমানের ক্লাব সতীর্থ তারা। অ্যাতলেতিকো মাদ্রিদে খেলার সুবাদে একে অপরের পরিচিত। এখন তারা শত্রু শিবিরে।
শুক্রবার নোভগোরদে এই ‘চেনা-অচেনা’ আক্রমণভাগকে মোকাবিলায় প্রস্তুত উরুগুয়ে, জানালেন তোরেইরা, ‘ফ্রান্সের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় আছে, বিশেষ করে তাদের ফরোয়ার্ডরা; তারা খুব দ্রুত। আমাদের বুদ্ধিমান হতে হবে। তাদের খেলা নিষ্প্রভ করে দিতে জায়গা দখলে রাখতে হবে আমাদের।’