‘সেরা দল’ ব্রাজিলের বিপক্ষে বেলজিয়ামের পরীক্ষা

পরীক্ষা দিতে প্রস্তুত লুকাকুরাগ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতেছে বেলজিয়াম। জাপানের বিপক্ষে শেষ ষোলোতে হারতে হারতে জয় ছিনিয়ে নিয়েছে তারা দুর্দান্ত প্রত্যাবর্তনে। দারুণ একটি দল হয়ে এখন শিরোপার দাবিদার তারা। কিন্তু রোমেলু লুকাকুর বিশ্বাস, তাদের আসল পরীক্ষা অপেক্ষা করছে কোয়ার্টার ফাইনালে।

এই বিশ্বকাপে ১২ গোল করেছে বেলজিয়াম। লুকাকু ও ইডেন হ্যাজার্ডদের আক্রমণভাগ প্রত্যেক ম্যাচে আগের চেয়ে ধারালো হয়ে উঠছে। ম্যানইউ তারকা মনে করেন, তারা আসলে কতটা উন্নতি করেছে সেটার পরীক্ষা হবে ‘সেরা দল’ ব্রাজিলে বিপক্ষে শেষ আটে।

বৃহস্পতিবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে প্রথম দুই ম্যাচের জোড়া গোলদাতা লুকাকু বলেছেন, ‘কাল (আমাদের) পরীক্ষা হবে; কারণ আমরা টুর্নামেন্টের সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা ফেভারিট। এখন দল হিসেবে আমরা কোন অবস্থানে আছি সেটা জানার জন্য নিশ্চিতভাবে এই ম্যাচটি হবে আমাদের জন্য ভালো পরীক্ষা।’

পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে আন্ডারডগ বলা হচ্ছে বেলজিয়ামকে। তারপরও চাপ থাকবে স্বীকার করলেন লুকাকু, ‘আমি মনে করি আমরা সবসময় অনেক চাপ নিয়ে খেলছি, যতই আমাদের আন্ডারডগ হিসেবে দেখা হোক। আমাদের এই ম্যাচে খেলার স্বাদ নিতে হবে এবং যতটা পারা যায় দেশের জন্য করতে হবে।’ ইএসপিএনএফসি