‘চার ডিফেন্ডার নিয়ে খেলা উচিত বেলজিয়ামের’

বাংলাদেশের সাবেক বেলজিয়ান কোচ টম সেইন্টফিট২০১৬ সালে কয়েক মাস জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন টম সেইন্টফিট। তিনি বেলজিয়ান, তাই আজ আগ্রহ নিয়ে ব্রাজিল-বেলজিয়াম ম্যাচের দিকে তাকিয়ে। ব্রাজিলের আক্রমণভাগ শক্তিশালী, অন্যদিকে বেলজিয়ামের ডিফেন্সের দুর্বলতা ধরা পড়েছে জাপানের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে। সেইন্টফিট তাই স্বদেশের ডিফেন্স নিয়ে চিন্তিত।

বাংলাদেশের সাবেক কোচের ধারণা, নেইমার-কৌতিনিয়ো-জেসুসদের নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণভাগ বেলজিয়ামের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ফেসবুকের মাধ্যমে সেইন্টফিট  বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জাপানের সঙ্গে যেভাবে খেলেছে, ব্রাজিলের সঙ্গে তেমন খেললে বেলজিয়ামের পক্ষে জেতা কঠিন। আমি পরিষ্কার বলতে চাই, সেদিনের মতো খেললে হ্যাজার্ড-লুকাকুরা হেরে যাবে। এই ডিফেন্স নিয়ে ব্রাজিলকে হারানো কঠিন হয়ে পড়বে।’

এই ম্যাচ নিয়ে তার ভবিষ্যদ্বাণী, ‘ব্রাজিলের জয়ের পাল্লাই ভারি, বলা যায় ৬০-৪০ ভাগ। কিন্তু বেলজিয়াম চার জন ডিফেন্ডার নিয়ে খেললে সেটা উল্টে যেতে পারে। তখন বেলজিয়াম ৬০-৪০ এ এগিয়ে থাকবে।’

সেইন্টফিট মনে করেন, ফরমেশন বদল করে খেলা উচিত বেলজিয়ামের, ‘কোচ রবের্তো মার্তিনেসের উচিত ফরমেশন বদল করে দলকে খেলানো। ৩-৪-৩ এর বদলে ৪-২-৩-১ ফরমেশনে খেললে দল ভালো করতে পারবে। চার জন থাকলে ডিফেন্স জমাট হবে, কোম্পানি-ভারমাইলেনরা ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারবে।’

সব শেষে নেইমারের প্রশংসা করে তিনি বললেন, ‘নেইমার যে ভালো খেলোয়াড় তাতে কোনও সন্দেহ নেই। তবে তার ডাইভিং আমার পছন্দ নয়। বেলজিয়াম তিন জন ডিফেন্ডার নিয়ে খেললে নেইমার সফল হবেই, তাকে আটকানো যাবে না।’