প্রথমার্ধে রাশিয়াকে এগিয়ে থাকতে দেয়নি ক্রোয়েশিয়া

ক্রামারিচকে ঘিরে ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের উচ্ছ্বাসসোচিতে বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে অসাধারণ গোলে ক্রোয়েশিয়াকে পেছনে ফেলে রাশিয়া। কিন্তু বিরতির কিছুক্ষণ আগে তাদের জালে বল জড়ায় ক্রোয়েটরা। প্রথমার্ধ শেষে স্কোর ১-১ গোল।

প্রথম কয়েক মিনিট রাশিয়ার প্রান্তে বল নিয়ে সুযোগ তৈরির চেষ্টা করেছিল ক্রোয়েশিয়া। ৬ মিনিটে আন্তে রেবিচের শট ইগোর আকিনফেভ ব্যর্থ করে দেন। কিছুক্ষণ পর মারিও মানজুকিচ ৮ গজ দূর থেকে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়।

সোচির গ্যালারি উৎসবে মেতে ওঠে ম্যাচ ঘড়ির কাঁটা আধঘণ্টা পার হওয়ার পরই। গত দুই ম্যাচে মাত্র একটি করে শট নেওয়া রাশিয়াকে চমৎকার গোলে এগিয়ে দেন চেরিশেভ।

৩১ মিনিটে জিউবার দারুণ অ্যাসিস্টে বল পায়ে নিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোলপোস্টের বাঁ দিক দিয়ে জালে জড়ান ভিয়ারিয়াল স্ট্রাইকার। ডেনমার্কের বিপক্ষে শেষ ষোলোতে দারুণ সব সেভ করা সুবাসিচ বল ঠেকানোর কোনও সুযোগ তৈরি করতে পারেননি।

চেরিশেভ এগিয়ে দিলেন রাশিয়াকেবেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি রুশরা। ৩৯ মিনিটে মানজুকিচের কাট ব্যাক পাস থেকে ক্রামারিচের হেড জালে জড়ায়।

এর আগে বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচই খেলে হেরেছিল ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে সেমিফাইনালে ২-১ গোলের পর গত আসরে গ্রুপ পর্বে ব্রাজিলের কাছে ৩-১ গোলে হারে তারা।