‘ব্রাজিল-আর্জেন্টিনার ব্যর্থতায় লাতিন আমেরিকার দুশ্চিন্তা হওয়া উচিত’

Brazil-Argentinaএক যুগ আগে জার্মানি বিশ্বকাপে চার সেমিফাইনালিস্ট ছিল ইউরোপের দল। সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবারের বিশ্বকাপে। শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে হার মেনেছে আর্জেন্টিনা, আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম হারিয়ে দিয়েছে ব্রাজিলকে। জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু মনে করেন, বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ব্যর্থতা লাতিন আমেরিকান ফুটবলের জন্য দুশ্চিন্তার বিষয়।

দুই পরাশক্তির বিদায়ে টিটু হতাশ। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনা না থাকায় বিশ্বকাপ অনেকটাই রং হারিয়েছে। ইউরোপের চারটি দল সেমিফাইনাল খেলছে। এটা লাতিন আমেরিকার জন্য দুশ্চিন্তার বিষয়। ইউরোপের দেশগুলো কীভাবে ভালো খেলছে সেটা নিয়ে তাদের চিন্তা-ভাবনা করা উচিত।’

তবে হেরে গেলেও বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্স ভালো লেগেছে টিটুর। উত্তেজনাপূর্ণ ম্যাচটি নিয়ে তার বিশ্লেষণ, ‘নেইমার-লুকাকুদের ম্যাচ দেখে মনে হয়েছে বিশ্বকাপের ফাইনাল দেখছি। ব্রাজিল আগে গোল খেয়ে বিপদে পড়েছিল। এমনিতে তারা ভালোই খেলেছে, তবে কাসিমিরোর অভাব বোঝা যাচ্ছিল। ব্রাজিলের দুর্ভাগ্য, অনেক সুযোগ পেয়েও গোল করতে পারেনি। চার ডিফেন্ডার নিয়ে গড়া বেলজিয়ামের রক্ষণভাগ আর গোলকিপার খুব ভালো খেলেছে। ওপরে হ্যাজার্ড-লুকাকু-ডি ব্রুইনরা সুযোগ কাজে লাগিয়ে গোল বের করে নিয়েছে।’

বাকি তিনটি কোয়ার্টার ফাইনালও আগ্রহ নিয়ে দেখেছেন টিটু। তার ধারণা, এদিনসন কাভানির অনুপস্থিতি উরুগুয়ের হারের অন্যতম কারণ, ‘ফ্রান্সের বিপক্ষে কাভানির রিপ্লেসমেন্ট ভালো হয়নি উরুগুয়ের। সুয়ারেস-কাভানির দারুণ কম্বিনেশন আগের ম্যাচগুলোতে উরুগুয়েকে সাফল্য এনে দিয়েছিল। সেটা কোয়ার্টার ফাইনালে  দেখা যায়নি। ফ্রান্সের ফরোয়ার্ডরা বার বার জায়গা পরিবর্তন করে সাফল্য পেয়েছে। উরুগুয়ে আগের মতো ম্যান মার্কিং করে খেলতে পারেনি। যোগ্য দল হিসেবেই দেশমের দল জিতেছে। তবে কাভানি থাকলে উরুগুয়ে কঠিন পরীক্ষায় ফেলতে পারতো ফ্রান্সকে।’

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স দেখে টিটু অবাক। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের খেলা মুগ্ধ করেছে তাকে, ‘ইংল্যান্ডের এমন ডমিনেটিং পারফরম্যান্স আগে কখনও দেখিনি। কখনও কখনও তাদের ১০ জন খেলোয়াড়ই আক্রমণে উঠেছে, সুইডেন ব্লক করেও সুবিধা করতে পারেনি। ইংলিশরা পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় ছিনিয়ে নিয়েছে।’