‘বন্ধু’ কোর্তোয়ার বিপক্ষে গোল করতে চান জিরুদ

জিরুদ ও কোর্তোয়াকোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে অসাধারণ সব সেভ করেছেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। সেমিফাইনালে তাকে কঠিন পরীক্ষা দিতে হবে ফ্রান্সের বিপক্ষে। সেই পরীক্ষায় ‘বন্ধু’কে ব্যর্থ করে দিতে চান অলিভিয়ের জিরুদ।

এই বিশ্বকাপে ৩৮০ মিনিট খেলে কোনও গোল পাননি ফ্রান্সের এই ফরোয়ার্ড, এমনকি একটি শটও নিতে পারেননি। তারপরও তার ওপর আস্থা রাখছেন কোচ দিদিয়ের দেশম। সুযোগটা কাজে লাগিয়ে চেলসি সতীর্থের বিপক্ষে গোলখরা কাটাতে চান জিরুদ।

মঙ্গলবার প্রথম সেমিফাইনাল সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি করবে দুই বন্ধুকে। সেখানে গোল করে উদযাপনে মাততে চান চেলসির ৩১ বছর বয়সী ফরোয়ার্ড, ‘থিবোকে পরাস্ত করা কঠিন। এই বিশ্বকাপে সে খুব ভালো ফর্মে আছে। তার সামনে আছে শক্তিশালী রক্ষণভাগ। কিন্তু আমি নিশ্চিত আমরা সেই দেয়াল ভাঙতে পারব।’

ক্লাবের অনুশীলন উজ্জীবিত করছে জিরুদকে, ‘আমি থিবোর (অনুশীলনে) বিপক্ষে চেলসিতে বেশ কয়েকটি গোল করেছি। মঙ্গলবার একই কাজ করতে মুখিয়ে আছি আমি।’

চেলসির আরেক সতীর্থ জিরুদের শত্রু শিবিরে- ইডেন হ্যাজার্ড। তবে নিজ দলের কিলিয়ান এমবাপেকে থাকায় আশাবাদী ফ্রান্সের ফরোয়ার্ড, ‘ইডেন ও কিলিয়ান দুজনে প্রতিভাবাবন। কিলিয়ান অনেক বেশি একাগ্রচিত্তে খেলে। ইডেনের চেয়ে অনেক বেশি আগ্রাসী সে।’ ইএসপিএনএফসি