মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া লড়বে শিরোপার ম্যাচের টিকিট কাটতে। সেটা নিশ্চিত করতে ইংলিশ বাধা দূর করতে হবে দালিচ শিষ্যদের। সেমিফাইনাল প্রতিপক্ষের কোনও দুর্বলতা খুঁজে পাননি কোচ। তবে তাদের নিয়ে ভয়ে নেই দালিচ।
গত অক্টোবরে জাতীয় দলের দায়িত্ব নেওয়া ৫১ বছর বয়সী কোচকে ইংল্যান্ডের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানতে চাইলে বলেছেন, ‘আমি বলব না তাদের স্পষ্ট কোনও দুর্বলতা আছে। তারা সেমিফাইনালে, এটাই সবকিছু বলে দেয়।’
ইংল্যান্ডের গতিময় ফুটবল নিয়ে সতর্ক দালিচ, ‘আমি এতদিন তাদের যতটা খেলা দেখেছি বুঝতে পারছি তারা সরাসরি ফুটবল খেলে এবং খুব গতিময়। সেট পিসে তারা সত্যিই ভালো এবং তাদের লম্বা খেলোয়াড়রা কর্নারে বিপজ্জনক।’
এই বিশ্বকাপে একের পর এক সুযোগ নষ্ট করায় সমালোচিত হচ্ছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড রহিম স্টারলিং। কিন্তু প্রতিপক্ষের এই খেলোয়াড়কে হুমকি মনে করছেন ক্রোয়েশিয়া কোচ, ‘আমি মনে করি রহিম স্টারলিং গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কারণ সে অনেক দ্রুত গতির। হ্যারি কেইনের সঙ্গে তার সমন্বয় বিপজ্জনক।’ বিবিসি