‘ক্যারিয়ারের সেরা ফর্মে রাকিতিচ’

ইভান রাকিতিচবাঁ দিয়ে নেওয়া শট জালে জড়াতেই বাধভাঙা আনন্দে ইভান রাকিতিচ। পেনাল্টি কিক থেকে তার ওই লক্ষ্যভেদেই সেমিফাইনাল নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার। শেষ ষোলোতেও ক্রোয়েটদের টাইব্রেকার জেতার পথে শেষ শট নিয়েছিলেন রাকিতিচ। আত্মবিশ্বাসী এই মিডফিল্ডারের প্রশংসায় পঞ্চমুখ কোচ জাৎকো দালিচ।

শিষ্যের পারফরম্যান্সের ক্রোয়েশিয়া কোচ এতটাই খুশি যে, রাকিতিচ ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন বলে মন্তব্য করেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে রাশিয়ার বিপক্ষে টাইব্রেকারে জিতেছে ক্রোয়েশিয়া। তার আগে ডেনমার্কের বিপক্ষেও জিততে হয়েছিল পেনাল্টি শুটআউটে। দুটো জয়ই এসেছে রাকিতিচের কিকে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে বার্সেলোনা ফরোয়ার্ডকে তাই প্রশংসার বৃষ্টিতে ভিজিয়েছেন দালিচ।

বার্সেলোনায় চমৎকার মৌসুম কাটিয়ে বিশ্বকাপে নেমেছেন রাকিতিচ। ক্লাব ফুটবলের ফর্মটাই এই মিডফিল্ডারকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করেন দালিচ, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে ও সেরা খেলাটা খেলছে এবার। এটা বার্সেলোনায় কাটিয়ে আসা চমৎকার মৌসুমের ধারাবাহিকতা।’ সঙ্গে আরেক মিডফিল্ডার লুকা মদরিচকে যোগ করে তিনি বলেছেন, ‘ও গোটা দলের জন্য অনেক কিছু। লুকা (মদরিচ) ও ইভান একসঙ্গে এই প্রতিযোগিতায় সেরা মিডফিল্ডার। আশা করছি ওরা এই ধারাটা সচল রাখবে।’

পারফরম্যান্স তো আছেই, রাকতিচের আত্মবিশ্বাস মনে ধরেছে ক্রোয়েট কোচের, ‘শুধু যে ম্যাচে ভালো খেলে চলেছে তা নয়, ও দুর্দান্ত আত্মবিশ্বাস দেখিয়ে চলেছে। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে দুটো ম্যাচ নির্ধারণী পেনাল্টি জালে জড়িয়ে সেটা প্রমাণ করেছে।’ এই কারণেই দালিভের বিশ্বাস, ‘রাকিতিচ ওর গোটা ক্যারিয়ারের সেরা ফর্মে আছে এখন।’ গোল ডটকম