বাংলাদেশের সাবেক কোচের ‘বাজি’ বেলজিয়াম

বাংলাদেশ জাতীয় দলের সাবেক বেলজিয়ান কোচ টম সেইন্টফিট‘সোনালী প্রজন্ম’ নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়াম, প্রতিপক্ষ তারকাসমৃদ্ধ ফ্রান্স। আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। বাংলাদেশের সাবেক বেলজিয়ান কোচ টম সেইন্টফিটের ‘বাজি’ স্বদেশের পক্ষে। তার ধারণা, ব্রাজিলের চেয়ে ফ্রান্স অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। তাই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে বিদায় করা বেলজিয়ামের ফাইনালে উঠতে সমস্যা হবে না।

হ্যাজার্ড-লুকাকু-ডি ব্রুইন-কোম্পানিদের দল দুর্দান্ত খেলছে বিশ্বকাপে। শেষ আটের লড়াইয়ে ফেভারিট ব্রাজিলকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী তারা। ২০১৬ সালে কয়েক মাস বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে থাকা সেইন্টফিটের কণ্ঠেও জয়ের আত্মবিশ্বাস। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে যেভাবে খেলেছে সেটা ধরে রাখতে পারলে বেলজিয়াম অনেক দূর যাবে। ফ্রান্সকে কঠিন প্রতিপক্ষ বলবো না, অন্তত ব্রাজিলের চেয়ে তারা সহজ প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালে চার ডিফেন্ডার নিয়ে খেলে বেলজিয়াম সফল হয়েছে। আজও নিশ্চয়ই কোচ রবের্তো মার্তিনেস সফল পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন।’

আজকের ম্যাচের ফলও ঘোষণা করে দিয়েছেন তিনি, ‘মনে হচ্ছে আজ বেলজিয়াম জিতে যাবে। ম্যাচের ফল হতে পারে ২-১। ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ ইংল্যান্ড হওয়ার সম্ভাবনাই বেশি।’

১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও জিততে পারেনি বেলজিয়াম, হেরে যায় ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে। ৩২ বছর পর আবার তাদের সামনে ফাইনালের হাতছানি। বাংলাদেশের সাবেক কোচ সেইন্টফিট স্বদেশকে ফাইনালে দেখতে আশাবাদী, ‘ফ্রান্সের চেয়ে বেলজিয়াম শক্তিশালী দল। বিশ্বকাপের সেমিফাইনালে যে কোনও কিছুই ঘটতে পারে। তবে আমার দৃষ্টিতে বেলজিয়াম এগিয়ে। তাদের ডিফেন্স আর ফরোয়ার্ড আগের চেয়ে ভালো খেলছে, পুরো দলই ছন্দে আছে। আশা করি, ফাইনালে গিয়ে আমরা ফুটবল বিশ্বকে একটা নতুন বার্তা দিতে পারবো।’