স্বপ্নের মতো এক বিশ্বকাপ কাটাচ্ছে বেলজিয়াম। ‘সোনালি প্রজন্মের’ দলটির সামনে এখন ফাইনালে ওঠার সুযোগ। সেই সুযোগটা কাজে লাগিয়ে বিশ্বকাপ জিততে চায় ‘রেড ডেভিলস’। মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন জানিয়েছেন, তারা ‘উচ্চাকাঙ্ক্ষী’ এবং শুধু বিশ্বকাপ জয় নিয়েই ভাবছেন।
গত বিশ্বকাপে চমৎকার একটি দল নিয়ে ব্রাজিলে গেলেও ব্যর্থ হয়েছিলেন মার্ক উইলমটস। তবে এবারের কোচ রবের্তো মার্তিনেস প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে পৌঁছে গেছেন সেমিফাইনালে। মঙ্গলবার রাতে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। ফরাসিরাও দুর্দান্ত ফুটবলের প্রদর্শনীতে নিশ্চিত করেছে শেষ চার। কঠিন লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা শুনিয়েছেন ডি ব্রুইন।
স্বপ্নটা এখন আরও বড় ‘রেড ডেভিলদের’। আর সেখানে ফাইনাল জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বেলজিয়াম। সেমিফাইনালের আগে ডি ব্রুইন বলেছেন, ‘আমরা উচ্চাকাঙ্ক্ষী এবং শুধু বিশ্বকাপ জয় নিয়েই ভাবছি। বিশ্বকাপ প্রতিদিন আসে না। আপনি যদি ভাগ্যবান হন তাহলে হয়তো জীবনে দুই থেকে তিনবার খেলার সুযোগ পাবেন।’
ফুটবল মহাযজ্ঞে তাই খেলোয়াড়দের ওপর চাপ থাকে অনেক বেশি। ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার অবশ্য মোটেও চাপ অনুভব করছেন না, ‘আমি কোনও চাপ অনুভব করছি না। তবে খুব বিশেষ এই ম্যাচে খেলতে ভেতরে অন্যরকম উত্তেজনা কাজ করছে।’
ইংল্যান্ডও নিশ্চিত করেছে সেমিফাইনাল। ইংলিশ ফুটবলের এই উত্থানের পেছনে পেপ গার্দিওলার অবদানকে সামনে আনছেন অনেকেই। স্প্যানিশ এই কোচের অধীনেই আবার খেলেন ডি ব্রুইন। তিনিও গার্দিওলার ফুটবল দর্শনে অনুপ্রাণিত, ‘একক পারফরম্যান্সে উন্নতির পেছনে তিনি অনেক সাহায্য করেছেন আমাকে। তিনি ফুটবলকে অনেক সহজ করে দিয়েছেন। জাতীয় দলে অবশ্য খেলার বিষয়টি অন্যরকম।’
যদিও বেলজিয়ামের ফুটবল দর্শনে গার্দিওলার খেলার ধাঁচের মিল আছে বলে মনে করেন ডি ব্রুইন, ‘যদিও আমরা বলতেই পারি ম্যানচেস্টার সিটির ফুটবলের সঙ্গে বেলজিয়ামের খেলার মিল আছে। ম্যানসিটির মতো আমরাও বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণাত্মক ফুটবল খেলি।’ মার্কা