বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টায় সেমিফাইনালে নামছে ইংল্যান্ড। ফাইনালে ওঠার পথে থ্রি লায়ন্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। নকআউট পর্বে ক্রোয়েটরা টানা দুই ম্যাচ জিতেছে টাইব্রেকারে। বিপরীতে ইংল্যান্ড সেমিফাইনাল ২-০ গোলের জয়ে নিশ্চিত করলেও শেষ ষোলোর বাধা পেরিয়েছিল টাইব্রেকার জিতে।
সুইডেনের বিপক্ষে ইংলিশরা ২-০ গোলে জিতলেও কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে লক্ষ্যভেদ করতে পারেননি কেইন। যাতে রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো গোলহীনভাবে থাকতে হয় ইংলিশ অধিনায়ককে। তিউনিসিয়ার বিপক্ষে শুরু করা গোল উৎসব টটেনহাম স্ট্রাইকার সচল রেখেছিলেন কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ পর্যন্ত। অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কোরবোর্ডে কেইনের নাম ছিল না, কেননা বেলজিয়ামের বিপক্ষে তিনি মাঠেই নামেননি।
তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোল দিয়ে বিশ্বকাপ শুরু করা কেইন পানামার বিপক্ষে পরের ম্যাচে করেন হ্যাটট্রিক। এরপর বেলজিয়ামের বিপক্ষে বিশ্রামে থাকা এই স্ট্রাইকার আবারও জাল খুঁজে পান কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে। সবমিলিয়ে শেষ ষোলো পর্যন্ত ৬ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে পেছনে ফেলেন সবাইকে।
কেইনের সবচেয়ে কাছে আছেন রোমেলু লুকাকু। ৪ গোল করা এই স্ট্রাইকারের দল বেলজিয়াম সেমিফাইনালে হারলেও গোল বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। অন্যদিকে ক্রোয়েশিয়াকে হারাতে পারলে কেইনের সামনে থাকছে দুই ম্যাচে খেলার সুযোগ।
ক্যারিয়ারের সেরা সময় কাটানো কেইনের গোলের পথে ফেরার মঞ্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল। এক ম্যাচ গোলহীনভাবে থাকা ইংলিশ অধিনায়ক কি পারবেন গোল করতে?