ইউরো চ্যাম্পিয়ন হিসেবে রাশিয়া বিশ্বকাপে নেমেছিল পর্তুগাল। শুরুটা দারুণ হলেও নকআউট পর্বে সুবিধা করতে পারেনি সেলেকাওরা। রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার পর দিন তিনেক আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে প্রথমবার মাঠে নেমেছিল পর্তুগিজরা। ১-১ গোলে ড্র হওয়া ওই ম্যাচেও ছিলেন না রোনালদো।
ইতালির বিপক্ষে শুরু হতে যাওয়া নেশনস লিগ ম্যাচের স্কোয়াডেও নেই এই উইঙ্গার। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়ে এখনও গোলের খাতা খুলতে না পারা রোনালদো নিজে থেকেই কিছু সময়ের জন্য বাইরে থাকতে চেয়েছেন জাতীয় দল থেকে। পর্তুগালের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সবচেয়ে বেশি গোলের মালিক এই তারকা ১৪৫ ম্যাচে করেছেন ৮৫ গোল।
রাশিয়া বিশ্বকাপ মিস করা ইতালি সোমবার রাতে মুখোমুখি হচ্ছে রোনালদোবিহীন পর্তুগালের। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী না থাকলেও ইউরো চ্যাম্পিয়নদের সমীহ করছেন ইতালি কোচ মানচিনি, ‘পর্তুগাল গত ইউরোপিয়ান কাপ জিতেছে। রোনালদো খেললে ওরা খুব শক্তিশালী দল। তবে রোনালদোকে ছাড়াও তারা খুব ভালো দল, কারণ ওদের অনেক ভালো মানের খেলোয়াড় আছে।’
রোনালদো না থাকলে দলটা কেমন হবে, পর্তুগাল সেটা দেখে নেওয়ার ভালো সুযোগ পাচ্ছে বলে মনে করেন ইতালিয়ান কোচ, ‘রোনালদো যখন পর্তুগালের হয়ে আর খেলবে না, পর্তুগাল নিশ্চয় অন্যভাবে চেষ্টা করবে, আর এটা তাদের জন্য খুব ভালো সুযোগ।’ সঙ্গে যোগ করলেন, ‘যদিও তারা এখনও খুব ভালো দল, আর সেটা রোনালদোকে ছাড়াই।’ গোল ডটকম