ফেডারেশন কাপের পর্দা উঠছে আজ

ফেডারেশন কাপের লোগো উন্মোচনফেডারেশন কাপ দিয়ে ফুটবলের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ (শনিবার)। উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৫টায় গতবারের রানার্স-আপ চট্টগ্রাম আবাহনী খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। ফেডারেশন কাপে এবার থাকছে এএফসি কাপের ছায়াও।

এবার চার গ্রুপে অংশ নিচ্ছে ১৩ দল। আগের ড্র অনুযায়ী ফেডারেশন কাপে ‘সি’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর সঙ্গী হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ‘ডি’ গ্রুপে মোহামেডান খেলবে শেখ জামাল ধানমন্ডি ও দুই নবাগত বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাবের সঙ্গে।

গতবারের রানার্স-আপ চট্টগ্রাম আবাহনীও সহজ গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে আরামবাগ ও রহমতগঞ্জ। ‘বি’ গ্রুপে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও বিজেএমসি। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ খেলবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

ফাইনালে বিজয়ী দল খেলবে এএফসি কাপে। এবার একটি মাত্র দল বাংলাদেশ থেকে যাবে। তবে এএফসি ক্লাব লাইসেন্সিং করা চারটি ক্লাবের কোনও দল চ্যাম্পিয়ন হতে না পারলে সেক্ষেত্রে বাংলাদেশের ‘স্লট’ শূন্যই থেকে যাবে। তাই ঢাকা আবাহনী, শেখ রাসেল, বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিংয়ের মধ্যে শিরোপা জেতার তোড়জোর একটু বেশিই। কেননা এই চারটি ক্লাবের লাইসেন্সিং করা আছে।

গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন দল হিসেবে আগে থেকে এএফসি কাপ খেলে আসছি। এবারও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইছি। আশা করছি আমরা ট্রফি জিততে পারব।’

শেখ রাসেল কোচ সাইফুল বারী টিটুর কথা, ‘এবার ভালো দল হয়েছে। আমরা ট্রফি জয়ের জন্যই মাঠে নামব।’

বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন তো মৌসুমের সব ট্রফিই জিততে চান। সাইফ কিংবা অন্যদলগুলোও কম যাচ্ছে না। মোহামেডানের অধিনায়ক জাহিদ হাসান এমিলির সাফ কথা, ‘টুর্নামেন্টে যে কোনও দল চ্যাম্পিয়ন হতে পারে। এখানে বিদেশিরা বেশি পার্থক্য গড়ে দেবে। সেক্ষেত্রে শুধু শক্তিশালী দল নয়, অন্যদলগুলোরও ট্রফি জেতার সুযোগ আছে।’

ব্যতিক্রম কেবল নোফেল স্পোর্টিং। তাদের কোচ কামাল বাবু আগেই আত্মসমর্পণ করেছেন। অল্প দিনের অনুশীলনে টিকে থাকাটাই তাদের মূল লক্ষ্য।