গত জানুয়ারিতে চেলসিতে যোগ দেন হিগুয়েইন। মৌসুমের বাকি সময়ের জন্য আর্জেন্টাইন স্ট্রাইকারকে জুভেন্টাস থেকে ধারে নিয়ে আসে ব্লুরা। যদিও খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। প্রিমিয়ার লিগের আট ম্যাচে করেছেন মাত্র ৩ গোল। অবশ্য চেলসি কোচ মাউরিসিও সারি জানিয়েছেন, উন্নতির জন্য সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের ‘সময় দরকার’।
হিগুয়েইনও মনে করছেন তেমনটাই। তাই সামনের মৌসুমেও চেলসিতে থাকার ইচ্ছা তার, ‘যতটা সম্ভব আমি ভালো করার চেষ্টা করি। তাই এখানে সামনের মৌসুমেও আমার থাকতে হবে। আমি এখানে এসেছিলাম থাকার জন্য। খুব ভালো একটা শহর, খুব ভালোমতো বেঁচে থাকা সম্ভব এখানে, সবচেয়ে বড় কথা এখানে নিজেকে উপভোগ করা যায়। তাই আমার ইচ্ছা এখানে থেকে যাওয়ার।’
চেলসির অবশ্য হিগুয়েইনের সঙ্গে স্থায়ী চুক্তি করার সুযোগ আছে। আর্জেন্টাইন তারকাকে কিনতে হলে খরচ করতে হবে ৩৬ মিলিয়ন ইউরো। আর ধারের সময় ২০২০ সালের জুন পর্যন্ত করতে গেলে খরচ করতে হবে ১৮ মিলিয়ন ইউরো।
মাঠের সময়টা ভালো যাচ্ছে না হিগুয়েইনের। ফেব্রুয়ারিতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজের অভিষেকে হাডার্সফিল্ডের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। তবে মার্চে ফুলহামের বিপক্ষে ব্লুদের ২-১ গোলের জয়ের পর আর জাল খুঁজে পাননি তিনি। বিবিসি