ব্রাজিল বনাম কলম্বিয়াকোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে আজ একে অপরের প্রতিপক্ষ ব্রাজিল বনাম কলম্বিয়া। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা কলম্বিয়া প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী উরুগুয়েকে ২-০ গোলে উড়িয়ে দিয়েই জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। তাদের এই পারফর্মেন্স দর্শকদের মুগ্ধ করেছে এবং কোচ পেকারম্যানকে স্বপ্ন দেখাচ্ছে সেমি ফাইনালে উন্নীত হওয়ার। আর এই স্বপ্নের মূল কারিগর হচ্ছেন রদ্রিগেজ। যে এই বিশ্বকাপে কলম্বিয়ার ৪টি ম্যাচের প্রতিটিতেই গোল করেছে এবং শেষ ম্যাচে জোড়া গোল করে এ পর্যন্ত ৫ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে অবস্থান করছে এখনও। আর তাই দলের অন্য খোলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স এবং রদ্রিগেজের প্রতি ম্যাচে গোল পাওয়া তাদেরকে আশান্বিত করতেই পারে আজকের ম্যাচে জয়লাভের জন্য। অপরদিকে ব্রাজিল প্রি-কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয়লাভের মধ্যে দিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়ে নিজেদের বিশ্বকাপের জয়ের স্বপ্নটা এখনও বাঁচিয়ে রেখেছে। সারা বিশ্বের ব্রাজিল ভক্তরা চিন্তিত ব্রাজিলের পারফর্মেন্সে। ফ্রেড, পাওলিনহো, অস্কার, রামিরেসদের পারফর্মেন্স ধারাবাহিকতার অভাবের সংঙ্গে যুক্ত হয়েছে। আর গুস্তাভোর দুই হলুদ কার্ডের কারণে তার সাসপেনশন কোচ স্কলারিকে চিন্তায় ফেলেছে তা বলাই যায়। গুস্তাভোর জায়গায় কাকে খেলানো হবে বা ফরমেশনের পরিবর্তন এনে ডিফেন্সে তিনজনকে খেলানো হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে যাকেই খেলানো হোক কলম্বিয়ার গোল মেশিন রদ্রিগেজকে সবসময় কড়া পাহারায় রাখতে হবে সিলভা বা লুইসদের। অন্যথায় যেকোনও সময় বিপদ ঘটতে পারে। নেইমারের ইনজুরি কিছুটা শঙ্কায় ফেললেও তার খেলা নিয়ে এখন আর কোনও সংশয় নেই। আশা করছি, নেইমারের নেতৃত্বে ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়ার অস্কার, ফ্রেড , হাল্করা আজ জ্বলে উঠবেন এবং বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। তারই অপেক্ষায় রইলাম। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টায়।