বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে লাইপজিগের বিপক্ষে মাত্র ২৭ মিনিট মাঠে ছিলেন রাশফোর্ড। দল এগিয়ে থেকেও যখন অস্বস্তিতে, ঠিক তখনই মাঠে নেমে দুর্দান্ত হ্যাটট্রিককে ম্যানইউকে এনে দিলেন ৫-০ গোলের বিশাল জয়। রেড ডেভিলদের বাকি গোল দুটির একটি ২১তম মিনিটে ম্যাসন গ্রিনউডের, অন্যটি পেনাল্টি থেকে ৮৭ মিনিটে করেন আন্থনি মার্সিয়াল।
এবারের চ্যাম্পিয়নস লিগ স্বপ্নের মতো কাটছে রাশফোর্ডের। পিএসজির বিপক্ষে আগের ম্যাচেই ম্যানইউকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন শেষ মুহূর্তে গোল করে, আর এবার করলেন হ্যাটট্রিক। লাইপজিগের বিপক্ষে যে হ্যাটট্রিক দিয়ে ইতিহাসের পাতায় তুলে নিয়েছেন নাম। চ্যাম্পিয়নস লিগ ইতিহসে বদলি হিসেবে নেমে সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন তিনি। ২৭ মিনিট মাঠে থেকে এই কীর্তি গড়েছেন ইংলিশ ফরোয়ার্ড। আগের রেকর্ডটি ছিল কিলিয়ান এমবাপ্পের, ৩৮ মিনিট।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে বড় প্রতিযোগিতায় মাত্র পঞ্চম খেলোয়াড় রাশফোর্ড, যিনি বদলি হিসেবে ৩ গোল করার রেকর্ড গড়লেন। তার আগে এই কীর্তি ছিল এমবাপ্পে, ওয়াল্টার পানদিয়ানি, জোসেবা ইয়োরেন্তে ও উইয়ি রোসলারের।
আরেকটি রেকর্ডেও নাম তুলেছেন রাশফোর্ড। যে কোনও প্রতিযোগিতায় ম্যানইউয়ের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বেঞ্চ থেকে নেমে হ্যাটট্রিক করলেন ২২ বছর বয়সী এই তরুণ। আগেরটি গড়েছিলেন রেড ডেভিলদের বর্তমান কোচ সুলশার। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে প্রিমিয়ার লিগে বদলি হিসেবে নেমে ৩ গোল করেছিলেন এই নরওয়েজিয়ান।