হারের পর রিয়ালে চোটের ধাক্কা

চোটে ছিটকে গেছেন রিয়াল মিডফিল্ডার ফেদে ভালভার্দে (সামনে)কোন দিক সামলাবেন? জিনেদিন জিদান কোন প্রসঙ্গ নিয়েই বা কথা বলবেন! প্রথমে করোনাভাইরাস, এরপর হার এবং সবশেষ চোটের ধাক্কা- রিয়াল মাদ্রিদে খারাপ খবর আসছেই। ভ্যালেন্সিয়ার কাছে হারের ক্ষত টাটকা থাকতে থাকতেই এসেছে ফেদে ভালভার্দের ছিটকে যাওয়ার দুঃসংবাদ। শিনবোনের চোটে অন্তত একমাস খেলতে পারবেন না উরুগুইয়ান মিডফিল্ডার।

তিন পেনাল্টি ও এক আত্মঘাতী গোলে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ৪-১ গোলে হেরে ফিরেছে রিয়াল। বাজে হারে বাইরে যখন দলের পারফরম্যান্স ও জিনেদিন জিদানকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তখনই ভালভার্দের চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তরুণ এই মিডফিল্ডারকে একমাস বাইরে থাকতে হতে পারে। যে কারণে সামনের লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না তার। নভেম্বরের বাছাই পর্বে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া ও ব্রাজিল।

ভালভার্দের চোটের বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিক্যাল বিভাগ ফেদে ভালভার্দের যে পরীক্ষা করিয়েছিল, সেটির ফল পাওয়া গেছে। এই মিডফিল্ডার তার ডান পায়ের টিবিয়াল বোনে (শিনবোন) চোট পেয়েছেন। এখন তার পুনর্বাসনের প্রক্রিয়া চলবে।’

এই ধরনের চোট কাটিয়ে উঠতে একমাসের মতো সময় লাগে। তাতে মাদ্রিদের ক্লাবটিতে দুশ্চিন্তার মেঘ আরও জমাট বাঁধলো। ভালভার্দের চোটের খবরটি এমন সময় এলো, যখন আরেক মিডফিল্ডার কাসেমিরো করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। ভিয়ারিয়ালের বিপক্ষে সামনের লিগ ম্যাচ ও ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে নতুন মিডফিল্ডার সেট করতে হবে জিদানকে।

ভালভার্দের না থাকাটা নিঃসন্দেহে জিদানের জন্য বড় ধাক্কা। কেননা এই সপ্তাহান্তেই কাসেমিরোর সঙ্গে করোনা পজিটিভ হয়েছেন এডেন হ্যাজার্ড। উরুগুইয়ান মিডফিল্ডার দারুণ ফর্মে ছিলেন এবং এবারের মৌসুমের বেশিরভাগ ম্যাচেই মাঠে নেমেছেন একাদশে থেকে।