চট্টগ্রাম আবাহনীর প্রথম ২-০

চট্টগ্রাম আবাহনী লিগের আগের ৯ ম্যাচের তিনটিতে জয় পেয়েছিল। সেই তিনটি জয়ই এসেছিল ১-০ গোলের ব্যবধানে। প্রিমিয়ার লিগের দশম ম্যাচে এসে মারুফুল হকের দল প্রথমবার জিতলো ২-০ গোলে। দুই অর্ধের দুই গোলে বন্দরনগীর দলটি হারিয়েছে রহমতগঞ্জকে।

তাতে চতুর্থ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এক ম্যাচ কম খেলে পঞ্চম হারে আগের ৮ পয়েন্ট নিয়ে গোলাম জিলানির দল রয়েছে নবম স্থানে।

আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় চট্টগ্রাম আবাহনী। রাকিব হোসেনের থ্রু থেকে নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউ বক্সে ঢুকে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন।

এক গোলে পিছিয়ে পড়া রহমতগঞ্জ ৩৩ মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিল। দিদারুল আলমের কর্নারে আইভরি কোস্টের ক্রিস রেমির হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় তাদের।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে মোনায়েম রাজুর বাঁ পায়ের ফ্রি কিক দূরের পোস্ট দিয়ে না গেলে তখনই ব্যবধান দ্বিগুণ করতে পারতো চট্টগ্রাম আবাহনী।

তবে ম্যাচের শেষ দিকে ব্যবধান ঠিকই দ্বিগুণ করেছে চট্টগ্রামের দলটি। ৮৩ মিনিটে ব্রাজিলিয়ান নিক্সন গুলের্মের লব থেকে বদলি মান্নাফ রাব্বি ঠাণ্ডা মাথায় ডান পায়ের দুর্দান্ত ভলিতে গোলকিপারকে পরাস্ত করেন।

আগামীকালের খেলা (বুধবার):

বসুন্ধরা কিংস-শেখ রাসেল, বিকেল ৩টা

ভেন্যু: শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা

সাইফ স্পোর্টিং-উত্তর বারিধারা, বিকেল ৪টা

ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম