চ্যাম্পিয়নস লিগের শেষ ষেলোর ড্র বার্সেলোনা-প্যারিস সেন্ত জার্মেইকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পর থেকে অপেক্ষা- লিওনেল মেসি ও নেইমারের ‘পুনর্মিলনের’। একসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা লাতিন আমেরিকার দুই তারকার লড়াই দেখার প্রত্যাশায় অন্যরকম উত্তেজনার ঢেউ ওঠে বার্সা-পিএসজি ম্যাচ ঘিরে। চোটের কারণে নেইমার প্রথম লেগ খেলতে না পারায় অপেক্ষা ছিল ফিরতি লেগের, কিন্তু সেখানেও নেই নেইমার! মেসি-নেইমারের ‘পুনর্মিলন’ তাই হচ্ছে না।
২০১৩ সালে বার্সেলোনায় যোগ দিয়ে শিরোপার বৃষ্টিতে ভিজেছেন নেইমার। একই সঙ্গে মেসির সঙ্গে গড়ে ওঠে তার দারুণ বন্ধুত্ব। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে নাম লেখালেও ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর। কিন্তু মাঠে তাদের লড়াইটা কেমন হয়, ফুটবলপ্রেমীরা ছিলেন অধীর অপেক্ষায়। এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র ভাগ্য সেই সুযোগটা করে দিলেও চোট কেড়ে নিলো তা। প্রথম লেগের পর ফিরতি লেগেও খেলতে পারছেন না নেইমার।
যদিও প্যারিসের ম্যাচের আগে নেইমার অনুশীলনে ফেরায় তার খেলা নিয়ে আশা জন্মে। কিন্তু পিএসজি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায় না। তাছাড়া ন্যু ক্যাম্প থেকে যেহেতু ৪-১ গোলে জিতে এসেছে, তাই দলের সেরা খেলোয়াড়কে আরেকটু সময় নিয়ে ফেরাতে চায় তারা।
১০ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে ঝুঁকি নেওয়ার কোনও কারণই দেখেন না পিএসজি কোচ মাউরিচিও পোচেত্তিনো। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘এটা (নেইমারকে না খেলানো) কোনও সিদ্ধান্ত নয়, বাস্তবতা। নেইমারের বর্তমান ফিটনেস কোনোভাবেই তাকে কালকের (বুধবার রাতে) ম্যাচে খেলার অনুমতি দেয় না।’
কবে ফিরতে পারেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার? পোচেত্তিনো বললেন, ‘শিগগিরই দলে ফিরতে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমরা সবাই উন্মুখ ছিলাম তার এই ম্যাচে খেলার, কিন্তু ও আরও কয়েকটা দিন মিস করবে।’
প্রায় এক মাস মাঠের বাইরে নেইমার। এই সময়ে তাকে ছাড়া পিএসজি খেলেছে ছয় ম্যাচ। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছাড়া ন্যু ক্যাম্পের প্রথম লেগ বড় ব্যবধানে জিতে এসেছে তারা। ফিরতি লেগেও তাকে পাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নরা। সমান্তরালে হচ্ছে না মেসি ও বার্সেলোনার সঙ্গে নেইমারের ‘পুনর্মিলন’।