প্রিমিয়ার ফুটবল লিগে আগামী ২৫ জুন দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের লড়াই হওয়ার কথা। কিন্তু তার আগে সাদা-কালো শিবিরে দুঃসংবাদ। দলটির অস্ট্রেলিয়ান কোচ শন লেনসহ ১২ ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন!
দুই দিনে করোনা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে হেড কোচ ও ১২ ফুটবলারের। এদের সঙ্গে ৪ বলবয়ও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্তদের কারও মধ্যে তেমন কোনও লক্ষণ নেই। ফুটবলাররা ক্লাবে আইসোলোশনে আছেন। আর কোচ আছেন গুলশানে তার নিজের ফ্লাটে।
এই প্রসঙ্গে ক্লাবটির পরিচালক ও ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কোচ ও খেলোয়াড়সহ ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় ২৫ জুন ম্যাচ খেলতে পারবো না। আমরা বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। অন্তত আমাদের খেলাগুলো দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। সবাই সুস্থ হলে তখন মাঠে নামতে পারবো।’