এমনিতে ‘এফ’ গ্রুপকে মৃত্যুকূপ বলা হয়েছিল। আর সেটা পরতে পরতে প্রমাণ হয়েছে। বিশেষ করে গ্রুপের শেষ ম্যাচ দুটিতে উত্তেজনার রেনু ছড়িয়েছে। জার্মানির বিপক্ষে হাঙ্গেরি দু’ দুবার এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি। নাটকীয় ম্যাচে ২-২ গোলে ড্রতে ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে তাদের। দুই ম্যাচে জার্মানির পয়েন্ট চার। গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইওয়াখিম ল্যোভের দল। আর হাঙ্গেরিকে দুই পয়েন্ট নিয়ে বিদায় নিতে হলো।
মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনাতে বল দখলে জার্মানি এগিয়ে ছিল অনেকটাই। কিন্তু থাকলে কী হবে। প্রথম গোল করে হাঙ্গেরিই এগিয়ে গিয়েছিল। ১১ মিনিটে সাল্লাইয়ের ক্রসে সালাই হেডে লক্ষ্যভেদ করেন। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল হাঙ্গেরি। কিন্তু পরের মিনিটে তিনবারের চ্যাম্পিয়নরা ম্যাচে সমতা ফিরিয়ে আনে। হাভার্টজ লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-১ করেন।
ফিফা র্যাংঙ্কিয়ে জার্মানির চেয়ে অনেক পিছিয়ে থাকা হাঙ্গেরি তখনও আশা ছাড়েনি। ৬৮ মিনিটে সাফেরের গোলে আবারও এগিয়ে যায়। তিন পয়েন্টের স্বপ্ন আবারও দেখতে শুরু করে তারা। ৮৩ মিনিট পর্যন্ত এই স্কোরলাইন রেখে ম্যাচ এগোতে থাকে।
ঠিক ৮৪ মিনিটে হাঙ্গেরিকে হতাশ করে দিয়ে জার্মানি দ্বিতীয় গোল করে। বদলি নেমে লিওন গোরেৎজকার লক্ষ্যভেদ করে দলের হার এড়ান। সেইসঙ্গে শেষ ষোলোতে উঠাও নিশ্চিত করেন।
আর এরই সঙ্গে হাঙ্গেরির স্বপ্নও ভঙ্গ হয়। বিদায় নিতে হয়েছে তাদের।