বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল শিরোপা লড়াইয়ে নেই। নক আউট পর্বের শুরুতে বিদায় নিয়েছে। দলের বড় তারকা রোনালদো অবশ্য এখনও লড়াইয়ে আছেন। গোল্ডেন বুট পাওয়ার তালিকায় পাঁচবারের এই ব্যালন ডিওর জয়ী তারকার নাম সবার ওপরে। তবে আগামীকাল ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালের আগে রোনালদোর নাম আবার একটু অন্যভাবে উঠে এসেছে। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে রোনারদোর মতো বিপদজনক ফুটবলার হিসেবে অভিহিত করেছেন ডেনমার্কের সাবেক কোচ এজ হারিয়েদি।
ইংল্যান্ড ওয়েম্বলিতে মুখোমুখি হবে ডেনমার্কের। সেই ম্যাচে কেইনের দিকে আলাদা দৃষ্টি থাকবে। বিশেষ করে আগের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে চার গোলের দুটি এসেছে এই স্ট্রাইকারের কাছ থেকে। তাই তো ডেনিশদের সাবেক কোচের সতর্ক মন্তব্য,‘হ্যারি কেইন অনেকটা ক্রিস্তিয়ানো রোনালদোর মতো। তাকে সুযোগ দেওয়া হলে সে গোল করবে। যে কারণে সে বিপদজনক খেলোয়াড়।’
হ্যারি কেইন গ্রুপ পর্বে গোল পাননি। কিন্তু নক আউট পর্বে তিন গোল করে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। হারিয়েদি তাই বলেছেন,‘কেইন হঠাৎ করে পাস পেয়ে গোল করতে পেরেছে। সেটা সানচোস কিংবা স্টালিংয়ের কাছ থেকে বল পেয়ে।’
বুধবার রাতের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ডের জেতাটা সহজ হবে না বলে এই কোচের মূল্যায়ন,‘ইংল্যান্ড এই ম্যাচে অবশ্যই ফেভারিট। কিন্তু ডেনমার্কের স্কিল রয়েছে। তাদের রক্ষণও জমাট। যা ইংল্যান্ডের জন্য বড় হুমকি হয়ে দাড়াতে পারে।’