সেমিফাইনালে বাহরাইন-মালদ্বীপ, ছিটকে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

মালদ্বীপের সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ বি'র শীর্ষ দল হিসেবে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে পৌঁছেছে বাহরাইন। আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের সঙ্গে ড্র করে বাহরাইন। এ ড্রয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল ও কম্বেডিয়া। 
গ্রুপ বি'তে মালদ্বীপের সাত ও বাহরাইনের পাঁচ পয়েন্ট করে অর্জন করেছে। বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের অর্জন এক পয়েন্ট। কম্বোডিয়ার পয়েন্ট শুন্য। শেষ ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে জয় পেলেও কোনও লাভ হবে না বাংলাদেশের।

এদিন খেলার ১১ মিনিটে গোলের কাছাকাছি চলে এসেছিল বাহরাইন, ২৫ গজ দূর থেকে ডান পায়ের নিচু ফ্রি কিক করেছিলেন মিডফিল্ডার মোহাম্মদ আলিনার। মালদ্বীপ গোলরক্ষক ফয়সাল মোহাম্মদ ডান দিকে ঝাাঁপিয়ে পড়ে বল পাঞ্চ করেন। শেষ মুহূর্তের এই ডাইভটি মালদ্বীপকে বাঁচিয়ে দেয়।

ধাক্কা হজম করে ১৮ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ, ১৭ মিনিটে ফরোয়ার্ড ইব্রাহিম আনসারের চিপ বাহরাইনি ক্রসবারে লেগে ফেরত আসে। সে বলটি আবারও আলী আসাদের পা ঘুরে আসে আনসারের পায়ে। তিনি আলতো ক্রস করেন পেনাল্টি বক্সের অপরপ্রান্তে। সেখানে থাকা আরেক ফরোয়ার্ড ইমাজ আহমেদ প্লেস করে বল জালে জড়িয়ে দেন।

বাহরাইন সমতা আনে ৫৮ মিনিটে, তাদের আক্রমণভাগের মূল স্তম্ভ মোহাম্মদ আলিনার আবারও একাই ভেদ করেন মালদ্বীপ ডিফেন্স। ভাসিয়ে দেন মাপা একটি ক্রস। ফরোয়ার্ড আনোয়ার আলী বুদ্ধিদীপ্ত হেডওয়ার্ক আগুয়ান মালদ্বীপ গোলরক্ষক ফয়সাল মোহাম্মদের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন। এতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।

/আরএম/এমআর/