২ গোলে হারের পরও রক্ষণ নিয়ে ‘সন্তুষ্ট’ বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই ফুটবলে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বাহরাইনের কাছে ২-০ হেরেছে জামাল ভূঁইয়ারা। তবে হারলেও লাল-সবুজ দলের ডিফেন্ডিং খারাপ ছিল না। ৯৯ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়নি। নিজেদের ভুলে গোল হজম না করলে ফল অন্যরকম হতে পারতো। ম্যাচশেষে বাংলাদেশ কোচ হাভিয়ের কারবেরা জানালেন, আরও উন্নতি প্রয়োজন দলের, তবে রক্ষণ নিয়ে তিনি সন্তুষ্ট।

আজ (বুধবার) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘যদিও আমরা হেরেছি, কিন্তু সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমার মনে হয়, রক্ষণে আমরা অনেক ভালো ছিলাম। অবশ্যই আরও অনেক জায়গায় উন্নতি নিয়ে কাজ করতে হবে আমাদের।’

কোন কোন জায়গায় উন্নতি প্রয়োজন, সেটিও স্পষ্ট করেছেন ৩৭ বছর বয়সী কোচ, ‘সেটা শুধু ডিফেন্সিভ ব্লক বা ট্রানজিশনের সময় নয়, অ্যাটাকিং থেকে আরও অনেক কিছু নিয়ে কাজ করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা জায়গা হারিয়েছি এবং এতে করে ম্যাচটা আমাদের জন্য আরও কঠিন হয়েছে।’

২ গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। রক্ষণাত্মক কৌশল থেকে বেরিয়ে এসে প্রতিআক্রমণে বারকয়েক চেষ্টা করেও বাহরাইনের গোলকিপারকে চমকে দিতে পারেনি।

কাবরেরা তাই বলেছেন, ‘পজিটিভ রেজাল্ট আমাদের প্রত্যাশা ছিল। আমরা ভালো কিছু চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে। দুই দলেরই সুযোগ ছিল। তারা কিছু কাজে লাগিয়েছে, কিন্তু আমরা পারিনি। রক্ষণে ভালো ব্লক করেছি, কিন্তু নিজেদের মতো খেলতে পারিনি।’

সঙ্গে যোগ করেছেন, ‘প্রথমার্ধে বল দখলে তারা শতভাগ ভালো ছিল, অনেক আক্রমণ করেছে। তবে দ্বিতীয়ার্ধে আমরা ওদের পর্যায়েই খেলেছি। বল দখলেও ভালো ছিলাম।’

বাছাই পর্বে দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার র‍্যাঙ্কিংয়ে ১৩৪তম স্থানে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে  বাংলাদেশ।