বিশ্বকাপের ৩১তম দল পেয়ে গেলো কাতার

শেষ দুটি দলের অপেক্ষায় ছিল কাতার বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার পর রইলো বাকি আর একটি। প্লে-অফে টাইব্রেকার রোমাঞ্চে পেরুকে হারিয়ে ৩১তম দল হিসেবে বিশ্বকাপ চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া।

অবশ্য এই জয়ের নায়ক অস্ট্রেলিয়ান গোলকিপার অ্যান্ড্রু রেডমাইন। যিনি মাঠে নামেন শুটআউটের ঠিক আগে ম্যাট রায়ানের বদলি হয়ে।

অথচ আকস্মিক এই পরিবর্তন অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেননি। কারণ, এর আগে মাত্র একটি প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা ছিল রেডমাইনের। টাইব্রেকারে ৪টি শট ঠেকাতে ব্যর্থ হলে শঙ্কাটা আরও জেঁকে বসে। আর একটি লাগে পোস্টে। তবে শুরু থেকে গোললাইনে দাঁড়িয়ে এদিক-সেদিক নেচে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন রেডমাইন। যার কৌশল শুরুতে কাজে না লাগলেও বাজিমাত করেছে সাডেন ডেথে। অ্যালেক্স ভ্যালেরার কিক ঠেকিয়ে দিয়ে নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার ৫-৪ গোলের জয়। তার আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যতে।

২০০৬ সাল থেকে টানা ৫ বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়া এবারের আসরে খেলবে গ্রুপ ‘ডি’তে। তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়া।

অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নোল্ডও পরে জানালেন গোলকিপার পরিবর্তনের কারণটা ছিল কৌশলগত, ‘হ্যাঁ, ও আসলেই ভালো একজন পেনাল্টি সেভার। চেয়েছিলাম এটা প্রতিপক্ষের ওপর মানসিকভাবে প্রভাব ফেলুকে।’

প্রতিযোগিতামূলক একটি ম্যাচ খেললেও সকারুসদের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন রেডমাইন। দলের জয়ের নায়কে পরিণত হয়েও তিনি বলেছেন, ‘আমি কোনও নায়ক নই। সবার মতো শুধু নিজের দায়িত্বটা পালন করেছি।’