২০০২ সাল থেকে অপেক্ষা। কিন্তু ব্রাজিলে আসেনি আরেকটি বিশ্বকাপ শিরোপা। সামনে যখন কাতারের ফুটবল মহাযজ্ঞ হাতছানি দিয়ে ডাকছে, তখন নতুন করে আবার স্বপ্নের দোল ব্রাজিলে। ষষ্ঠ বিশ্বকাপ জিতে উৎসবের হাওয়ায় আবার হারিয়ে যাওয়ার ইচ্ছা ব্রাজিলিয়ানদের। তাছাড়া খেলোয়াড়রাও ব্যর্থতার বৃত্ত ভেঙে ব্রাজিলের সোনালি দিন ফিরিয়ে আনতে চান। সেই স্বপ্নযাত্রার অন্যতম সেনানি রাফিনিয়া।
বার্সেলোনার এই উইঙ্গারের ২০০২ বিশ্বকাপের কথা মনে নেই। থাকবেই বা কী করে, তখন তার বয়স মাত্র ৬ বছর। তবে ব্রাজিলিয়ানদের উল্লাসের কথা তার মনে আছে। আবারও সেই উৎসব ফেরানোর আশা রাফিনিয়ার। এজন্য কি প্রত্যাশা চাপ বেড়ে যাচ্ছে ব্রাজিলের ওপর? এই জায়গায় রাফিনিয়া ভীষণ ইতিবাচক। ব্রাজিলের মতো বড় দলের ওপর প্রত্যাশা চাপ থাকবে, এই উইঙ্গারের মতো সেটাই স্বাভাবিক।
রাফিনিয়া মনে করছেন, ব্রাজিল কাতার বিশ্বকাপ খেলতে নামবে শিরোপা জেতার লক্ষ্য নিয়েই। এজন্য প্রত্যাশার চাপটা তার কাছে স্বাভাবিক মনে হয়। বার্সেলোনা ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া বলেছেন, ‘ব্রাজিল যেকোনও টুর্নামেটে যায় শিরোপা জেতার লক্ষ্য নিয়ে। এটাই স্বাভাবিক। ব্রাজিল ভালো দল, তাদের ওপর চাপ থাকবেই। এবারের বিশ্বকাপেও ব্রাজিল ফেভারিট। তবে এটা কোনও চাপ নয়।’
ব্রাজিলের বিশ্বকাপ শুরু ২৪ নভেম্বর, সার্বিয়ার বিপক্ষে। ষষ্ঠ বিশ্বকাপ অভিযানে দ্বিতীয় ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপ পর্বে শেষ ম্যাচে প্রতিপক্ষ ক্যামেরুন।