বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ফুটবল সম্রাট পেলের শারীরিক অসুস্থতার খবর আসে। বৃহস্পতিবার পেলের শারীরিক পরিস্থিতির উন্নতির খবরে কিছুটা স্বস্তি পেয়েছিল ফুটবল বিশ্ব। কিন্তু আজ শনিবার ফের পেলের শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। তার শারীরিক পরিস্থিতি সংকটজনক বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যম।
গত ২৯ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। হৃদযন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ার কারণে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন পেলে। এছাড়া ক্যানসার থাকার কারণে কেমোথেরাপিও চলছিল।
শনিবার ব্রাজিলের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কেমোথেরাপি কাজ করছে না পেলের শরীরে। কোনও চিকিৎসায় সাড়া দিচ্ছেন না কিংবদন্তী ফুটবলার। পেলেকে বর্তমানে রাখা হয়েছে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ। যখন রোগীর শরীরে কোনও চিকিৎসা কাজ করে না, তখনই তাকে প্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়। রোগীর শরীরের কষ্ট কমানোর জন্য এই পদ্ধতি। তবে এখনই কিছু জানাতে পারছেন না চিকিৎসকরা।