১০ জনের দল নিয়েও ভ্যালেন্সিয়াকে হারিয়েছে বার্সা

আলমেরিয়ার কাছে সর্বশেষ ম্যাচে হেরে ১৩ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ডে ছেদ পড়েছিল বার্সেলোনার। আজ আবার জয়ের ধারায় ফিরেছে কাতালানরা। লা লিগায় ভ্যালেন্সিয়াকে হারিয়েছে ১-০ গোলে। এই জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধান রেখে বার্সা শীর্ষস্থান ধরে রেখেছে। ২৪ ম্যাচে বার্সার সংগ্রহ ৬২ পয়েন্ট। রিয়ালের ২৩ ম্যাচে ৫২। 

অবশ্য ভ্যালেন্সিয়ার বিপক্ষে অতীতের চার ম্যাচের ফল বিবেচনা করলে স্কোরলাইন কিছুটা অপ্রত্যাশিতই বটে! আগের জেতা ৪ ম্যাচের তিনটিতে কমপক্ষে হলেও তিনটি গোল ছিল তাদের। অথচ আজ ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরু থেকে আক্রমণাত্মক খেলেও জালে বল পাঠাতে পেরেছে একটি! অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগও যে আসেনি এমন নয়। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে পেনাল্টি পেয়েও তা থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেছেন তোরেস!

মাদ্রিদকে হারানো ম্যাচ থেকে তিনটি পরিবর্তন আনেন জাভি। আলোনসোর বদলে সেন্টার ব্যাক হিসেবে ফিরেছেন ক্রিস্টেনসেন। বাম উইংয়ে গাভির নিষেধাজ্ঞায় ঢুকেছেন ফাতি। মিডফিল্ডে কেসি ফিরেছেন, শুরুর একাদশে ফিরেছেন রবের্তোও।

১৫ মিনিটে একমাত্র গোলটি করেছেন রাফিনহা। গোলমুখে দারুণভাবে চিপ করেছিলেন বুশকেৎজ। ভাসানো অবস্থায় আনমার্কড রাফিনা হেড করে জালে বল পাঠাতে ভুল করেননি।

তার পর ৫৯ মিনিটে সর্বনাশ ডেকে আনেন আরোহো। প্রতিপক্ষ খেলোয়াড়কে বিপজ্জনক অঞ্চলে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তাতে দশ জনের দলে পরিণত হয় বার্সা।