ইউরোপা লিগে এর চেয়ে অদ্ভুতুড়ে ম্যাচ আর কী হতে পারে? প্রথমার্ধে ৭ মিনিটের ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে সেই দলটাই শেষ ৬ মিনিটে হজম করে দুটি আত্মঘাতী গোল! চোট পেয়ে লিসান্দ্রো মার্তিনেজের ছিটকে যাওয়াও এই সময়েই! তাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে এরিক টেন হাগের দল।
অথচ ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের পথে স্বাগতিকদেরই পাল্লা ভারি ছিল। ১৪ ও ২১ মিনিটে ব্রুনো ফার্নান্দেস ও অ্যান্থনি মার্শালের থ্রু বলে জোড়া গোল তুলে নেন মার্সেল সাবিতজার। পুরোটা সময় কর্তৃত্ব করা ম্যানইউ তার পর গোল হজম করে শেষ দিকে এসে। ৮৪ মিনিটে আত্মঘাতী গোলে প্রথমটিতে অবদান ছিল ম্যানইউর টাইরেল ম্যালাসিয়ার। ৯০+২ মিনিটে ইনজুরি সময়ে সেভিয়াকে আরেকটি গোল উপহার দেন হ্যারি ম্যাগুয়ের।
এখন নিজেদের ভুলে সেমিফাইনালের সম্ভাবনাও কঠিন করে ফেলেছে রেড ডেভিলরা। তবে সবচেয়ে বড় দুঃসংবাদ হয়ে এসেছে মার্তিনেজের চোট। স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন তারকা। তাতে দলও পরিণত হয়েছে ১০ জনে। শঙ্কার আরও খবর আছে। ফার্নান্দেস হলুদ কার্ড দেখায় দ্বিতীয় লেগে তাকে নিষিদ্ধ থাকতে হবে।
ড্র ম্যাচের পর ম্যানইউ কোচ টেন হাগ আক্ষেপ করেই বলেছেন, ‘আমার মনে হয় ম্যাচটা নিজেদের হাতেই ছিল। আরও স্কোরের সুযোগ ছিল। তার পর ইনজুরি...। এর পর দুই গোল হজম করাটা পুরোপুরি দুর্ভাগ্যের। ফলে এক লেগে ম্যাচ শেষ করে দেওয়াটা আমাদের এখনও শিখতে হবে।’
অন্যান্য ম্যাচে ফ্রেইনুর্ডের কাছে ১-০ গোলে হেরেছে রোমা। জুভেন্টাস অবশ্য ১-০ গোলে স্পোর্তিংকে হারিয়েছে।