মার্তিনেজ, ভারানের ইনজুরিতে বড় সংকটে ম্যানইউ!

ইউরোপা লিগে জয়ের সম্ভাবনা জাগিয়েও সেভিয়ার বিপক্ষে ২-২ ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার ওপর যোগ হয়েছে ইনজুরি সংকট। ম্যাচে চোট পেয়েছেন লিসান্দ্রো মার্তিনেজ ও রাফায়েল ভারান।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বিরতিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারান। পরে মার্তিনেজও মাঠ ছেড়েছেন শেষ মুহূর্তে। এই অবস্থায় রবিবার নটিংহাম ফরেস্টের মুখোমুখি হওয়ার আগে দল নির্বাচন নিয়ে সংকটে পড়েছেন ম্যানইউ কোচ এরিক টেন হাগ। এরই মধ্যে সাইডলাইনে রয়েছেন মার্কাশ র‌্যাশফোর্ড, লুক শ, স্কট ম্যাকটমিনে, আলেহান্দ্রো গারনাচো ও ডনি ফন ডি বিকও।

চোট আক্রান্তদের মধ্যে মার্তিনেজের অবস্থাই বেশি শোচনীয় মনে করা হচ্ছে। টেন হাগ অ্যাকিলিসের চোটের বিষয়টি নিশ্চিত করতে পারছেন না। তবে মার্তিনেজকে রবিবার পাওয়া যাচ্ছে না বলেই জানালেন তিনি, ‘চোটটা ওই অঞ্চলে হয়নি। স্পষ্ট করে হয়তো বলতে পারছি না। তবে এটা ওখানে নয়। তার পরেও আমার ধারণা সে রবিবার খেলতে পারবে না। এখন পর্যন্ত সেটাই মনে হচ্ছে।’

দল নির্বাচন নিয়ে ঝামেলার মধ্যে পড়লেও বিপদে নেই ম্যানইউ কোচ। তার কাছে বদলি খেলোয়াড় আছে বলেই জানিয়েছেন তিনি, ‘আমাদের বদলি খেলোয়াড় আছে- হ্যারি ম্যাগুয়ের, ভিক্টর লিন্ডেলফ ও লুক শ। যারা মার্তিনেজ ও ভারানের বদলি হতে পারবে। তবে তাদের না পাওয়াটা অবশ্যই হতাশার।’