কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগে অনিশ্চিত মদরিচ

কোপা দেল রে ফাইনাল আর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। ঊঁরুর চোটে অনিশ্চিত হয়ে পড়েছেন দলটির অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ।

৩৭ বছর বয়সী মদরিচ জিরোনার বিপক্ষে ৪-২ গোলে হেরে যাওয়া ম্যাচে মাত্র ৬৩ মিনিট খেলতে পেরেছিলেন। তার পর চোটের কারণে শুক্রবার দলের সঙ্গে অনুশীলনও করেননি।

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি মদরিচের চোট নিয়ে খুব আশাও দেখাতে পারেননি। শুক্রবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মদরিচের কিছুটা চোট রয়েছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। এটা বলতে পারছি না কাপ ফাইনালে সে খেলতে পারবে কিনা। আমাদের আগে অবস্থা মূল্যায়ন করে দেখতে হবে। এটা অবশ্যই কষ্টদায়ক। তবে এমনটা হয়ে থাকে। এখন তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

ইএসপিএন অবশ্য বলছে, কোপা দেল রের ফাইনালে মদরিচের খেলা হবে না। চ্যাম্পিয়নস লিগ নিয়েও যে অনিশ্চয়তা আছে তার ইঙ্গিত মিলেছে রিয়াল মাদ্রিদের কোচের কথায়, ‘হয়তো চ্যাম্পিয়নস লিগ সেমির প্রথম লেগে আমাদের এদের মিলিতাও (নিষেধাজ্ঞার কারণে) ও মদরিচের বদলি নামাতে হবে। মিলিতাওকে তো অবশ্যই। তবে মদরিচের বেলায় এমনটা হোক, সেটা চাই না।’ 

ওসাসুনার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ মে। তার পর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ৯ মে ঘরের মাঠে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।