আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাতে কমাতে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে এখন ফেভারিট ম্যানচেস্টার সিটি। লড়াই যেভাবে জমে উঠেছে, তাতে মৌসুমের শেষ ম্যাচেই হয়তো হবে ট্রফি নির্ধারণ। মাঝে সিটিজেনদের সামনে ‘বিগ ম্যাচ’, চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। কিন্তু এই ম্যাচের দিকে এখন মনোযোগ নেই ম্যানসিটির কোচ পেপ গার্দিওলার।
আগামী ৯ মে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ খেলবে ম্যানসিটি। এর আগে ফুলহ্যাম, ওয়েস্ট হ্যাম ও লিডস ইউনাইটেডের সঙ্গে প্রিমিয়ার লিগের খেলা রয়েছে। গার্দিওলা বললেন, এখনই মাদ্রিদকে নিয়ে দুশ্চিন্তা করার মতো বিলাসিতা করতে চান না।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বললেন, ‘আমার একটি পরিকল্পনা আছে (রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার) এই লড়াইয়ের জন্য, কারণ গত মৌসুমে আমরা মুখোমুখি হয়েছিলাম।’ গার্দিওলা আরও যোগ করেন, ‘বছরের কিছু সময় আমি স্প্যানিশ লিগ দেখি। তারা গত মৌসুমের চেয়ে কিছু বিষয় পাল্টেছে কিন্তু কোচ একই। এখন আমি কেবল পরের খেলা নিয়ে ভাবছি। ফুলহ্যামের বাইরে আমি অন্য কোনোদিকে মনোযোগ দিচ্ছি না।’
প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতা থেকে মাত্র তিন ম্যাচ দূরে ম্যানসিটি। অথচ যে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা গত পাঁচ বছরে চারবার জিতেছেন, সেটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সাবেক বার্সা কোচ।
গার্দিওলার ব্যাখ্যা, ‘আপনি যখন শীর্ষ দলের থেকে ১০ কিংবা ১৫ পয়েন্ট পেছনে থাকবেন, তখন চ্যাম্পিয়নস লিগকে প্রাধান্য দিতে পারেন। অন্য কিছুকে প্রাধান্য দেওয়ার সময় আমাদের নেই। প্রিমিয়ার লিগ অনেক বেশি আকর্ষণীয়, অনেক সুন্দর। লোকেরা বলবে কেন, এটা সত্যি নয়। কিন্তু প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগই, ১১ মাস, প্রতি সপ্তাহ। আমার মনোযোগ এখন ফুলহ্যামে তারপর ওয়েস্ট হ্যাম, পরে লিডসে। লিডস ম্যাচ শেষে আমাদের খুব বেশি সময় থাকবে না কিন্তু মাদ্রিদের জন্য প্রস্তুতি নিতে সময় পাবো।’
বুধবার আর্সেনালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার পথে বড় ধাপ ফেলেছে ম্যানসিটি। গানারদের চেয়ে দুই পয়েন্ট পেছনে থাকলেও দুটি ম্যাচ কম খেলায় তাদেরই ট্রফি জয়ের প্রবল সম্ভাবনা। আবার এফএ কাপ ফাইনালও রয়েছে সামনে। সিটিজেনদের এবার ট্রেবল জয়ের সুযোগ।