জিরোনার মাঠে ৪-২ গোলে হারার পর রিয়াল মাদ্রিদ খুব করে চাইছিল ঘুরে দাঁড়াতে। শনিবার দারুণ একটি জয় পেয়েছে তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়ার জালে চারবার বল পাঠিয়েছে। কিন্তু সেই জয়ের আনন্দ মাটি হয়েছে দুটি গোল হজম করায়। শেষ দুই ম্যাচে ছয় গোল হজম করে ক্ষুব্ধ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
আলমেরিয়াকে ৪-২ গোলে হারানোর পর ইতালিয়ান কোচ তার রক্ষণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, ‘আমি চিন্তিত নই, জানি আমরা কতটা ভালো খেলতে পারি। কিন্তু আমি বিশ্বাসই করতে পারছি না যে শেষ দুটি ম্যাচে আমরা ছয় গোল হজম করলাম। আমরা অনেক বেশি নড়বড়ে থাকছি।’
আনচেলত্তি বলে গেলেন, ‘আজ আমরা রক্ষণে মনোযোগ রাখার চেষ্টা করেছিলাম। বলের দখল হারানোর পর আমরা চাপও ভালো দিচ্ছিলাম। বিরতির ঠিক আগে গোল হজম করায় হাফটাইমে ড্রেসিংরুমে আমি ক্ষুব্ধ ছিলাম। তারপর দ্বিতীয় গোলেও বিরক্ত হয়েছি। এটা হতে পারে জাগিয়ে তোলার ডাক। আমি মনে করি না পরের ম্যাচগুলোতে এত বেশি গোল হজম করবো আমরা।’
এই এপ্রিলে তিনটি হ্যাটট্রিক করলেন করিম বেনজেমা। প্রথমার্ধেই তিনবার জালে বল জড়ান তিনি। তাকে নিয়ে আনচেলত্তির বক্তব্য, ‘বেনজেমা ভালো করছে। আমরা আক্রমণে ভালো ও বিপদজনক কিছু আশা করছি। রক্ষণেও ভালো হলে আমরা দারুণ কিছু করতে যাচ্ছি।’
বেনজেমা, গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদোর বিবিসি ত্রয়ীর সঙ্গে বেনজেমা, ভিনিসিউস ও রদ্রিগোর আক্রমণভাগের তুলনায় কোচ বললেন, ‘তারা ভিন্ন ত্রয়ী। কিন্তু দুটোই ভালো। ২০১৪ ত্রয়ী ছিল খুব বিপদজনক এবং এটাও। তারা খুব ভালো ড্রিবল করতে পারে, যেটা আজকাল ফুটবলে খুব বেশি দেখা যায় না।’