সাম্প্রতিক সময়ে মাদ্রিদ আর বার্সেলোনার খেলোয়াড়রা অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই তাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে। সর্বশেষ এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো।
সংবাদ মাধ্যমগুলোর খবর, কোপা দেলরেতে রিয়াল মাদ্রিদ যখন ওসাসুনার বিপক্ষে খেলছিল। তখন মাদ্রিদের অভিজাত এলাকা লা মোরালেহায় রদ্রিগোর বাড়িতে ডাকাত হানা দিয়েছে। রদ্রিগোর বাবা-মা দুজনেই ছেলের খেলা উপভোগ করতে সেভিয়ার মাঠে উপস্থিত ছিলেন। তাই পুরো বাড়ি ফাঁকা পেয়ে হানা দেয় দুর্বৃত্তরা। ফাইনালে রদ্রিগোর জোড়া গোলেই শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ।
রদ্রিগোর বাড়ির নিরাপত্তায় নিয়োজিত এক কর্মচারীর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পরে পুলিশ সেখানে গিয়ে প্রমাণ সংগ্রহ করেছে। তারা সেখানে গিয়ে দেখেছে বাড়ির বেশ কিছু রুম এলোমেলো। তবে কী কী গায়েব হয়েছে ওই বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সম্প্রতি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার খেলোয়াড়রা এই ধরনের ডাকাতির শিকার হচ্ছেন। গত বছরের জানুয়ারি করিম বেনজিমার বাড়িতেও একই ঘটনা ঘটেছে। ২০১৯ সালেও ডাকাতির শিকার হন তিনি। একই ঘটনার অভিজ্ঞতা হয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ও বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা কাসেমিরো, ইসকো ও লুকাস ভেসকেসের।
গত আগস্টে তো তখনকার বার্সেলোনা ফরোয়ার্ড পিরিয়ে এমেরিক অবামেয়াংয়ের বাড়িতে সশস্ত্র দুর্বৃত্ত অনুপ্রবেশ করে তার ওপর হামলাও চালিয়েছে।