আল হিলালের কোচ হবেন তিতে?

লিওনেল মেসিকে প্রস্তাব দেওয়ার পর থেকে সৌদি ক্লাব আল হিলালের নাম এখন ভীষণ পরিচিত। মেসিকে নিয়ে গুঞ্জনের পর নতুন গুঞ্জন এই ক্লাবটি নিয়ে। শোনা যাচ্ছে, তাদের আর্জেন্টাইন কোচ রেমন দিয়াজ হয়তো ক্লাবটিতে নিজের শেষ ম্যাচে দায়িত্ব পালন করে ফেলেছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব নিতে সাবেক ব্রাজিল কোচ তিতের সঙ্গে আলোচনা চালাচ্ছে আল হিলাল। 

রবিবার আল হিলাল জানিয়েছে, পারিবারিক কারণে আর্জেন্টিনায় ফিরে গেছেন রেমন দিয়াজ। যাওয়ার আগে খেলোয়াড়দের কাছ থেকে বিদায়ও নিয়েছেন। এই অবস্থায় রেমনের ছেলে এমিলিয়ানো মৌসুমের শেষ পর্যন্ত দলের দেখভাল করবেন।

রেমন দিয়াজের চুক্তি শেষ হয়ে যাবে এই মৌসুম পর। আল হিলাল বিবৃতিতে জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় রেমনের পরিবারের এক সদস্য নিহত ও দুইজন মারাত্মকভাবে আহত হওয়ায় দেশে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন তিনি। আল হিলাল তার অনুরোধে সাড়াও দিয়েছে। কিন্তু ক্রীড়াভিত্তিক পত্রিকা আরিয়াদিয়াহ স্পোর্টস ডেইলি জানিয়েছে, আল হিলাল রেমনের চুক্তি নবায়নে আগ্রহী নয়। এই মুহূর্তে পরবর্তী কোচের জন্য তিতের সঙ্গে তারা আলোচনা করছে। যার অধীনে শেষ দুই বিশ্বকাপ খেলেছে ব্রাজিল।