ব্রাজিলকে হতাশ করলেন আনচেলত্তি, থাকছেন রিয়ালেই

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির শেষ বছরে পা রাখবেন কার্লো আনচেলত্তি। এই সম্পর্কের প্রতি শ্রদ্ধা রাখতেই ব্রাজিলকে না করে দিলেন ইতালিয়ান কোচ। শনিবার নিজের ভবিষ্যৎ নিয়ে সব শঙ্কা দূর করে দিলেন।

ব্রাজিলিয়ান ফুটবল (সিবিএফ) প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ মার্চে রয়টার্সকে বলেন, চলতি ইউরোপিয়ান মৌসুম শেষে ব্রাজিলের শূন্যপদে তাদের প্রথম পছন্দ আনচেলত্তি।

বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানসিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। এবারের লা লিগাও তারা জিততে পারেনি। তাদের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা চার ম্যাচ হাতে রেখে ট্রফি জিতেছে। এই মৌসুমে ব্যর্থতার পর আনচেলত্তির চাকরি পড়ে যায় অনিশ্চয়তায়।

কিন্তু নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরিষ্কার করলেন রিয়াল কোচ। ব্রাজিলের আগ্রহ নিয়ে জানতে চাইলে আনচেলত্তি বলেন, ‘সবাই ভালোভাবে জানে আমার অবস্থা কী: ২০২৪ মৌসুমের শেষ পর্যন্ত আমার চুক্তি আছে এবং আমি থাকতে চাই।’

এক সাংবাদিক জানতে চান, ক্লাব কি তাকে থেকে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে? আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ।’

রিয়াল অবশ্য আনচেলত্তির ভবিষ্যত নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ দলের কোপা দেল রে ট্রফি জেতার পর এই ব্যাপারে অষ্পষ্ট উত্তর দিয়েছিলেন। 

পেরেজের মেজাজ সম্পর্কে ভালোই জানা আছে আনচেলত্তির। দশম চ্যাম্পিয়নস লিগের দীর্ঘ অপেক্ষা অবসানের এক বছরের মধ্যে ২০১৫ সালে বরখাস্ত হন তিনি। আর গত বছর এসেই চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতানোর পর এবার শুধু হাতে উঠেছে কোপা দেল রে।

এই মৌসুম নিয়ে আনচেলত্তির মূল্যায়ন, ‘আরও ভালো মৌসুম হতে পারতো এটা, কিন্তু ভালো যে ছিল না তা কিন্তু নয়। অবশ্যই, আমরা লা লিগা নিয়ে সন্তুষ্ট নই। কিন্তু অন্য প্রতিযোগিতায় আমরা শেষ পর্যন্ত লড়েছি, এবং তিনটি জিতেছি।’

স্প্যানিশ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ জয়ের কথা মনে করিয়ে দেন আনচেলত্তি।

আনচেলত্তি তার ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট কথা বলার পর ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে যোগাযোগ করে মন্তব্য পায়নি রয়টার্স। কিন্তু সম্প্রতি প্রেসিডেন্ট বলেছিলেন, স্থায়ী কোচ চূড়ান্তে জুন পর্যন্ত তারা অপেক্ষা করতে চান। তাদের চিন্তায় এখন এএস রোমার হোসে মরিনহো ও ফেনারবাখের হোর্হে জেসুস।